ক্যামেরুন গ্রিনকে নিয়ে হবে তুমুল লড়াই, সে পূর্বাভাস তো আগে থেকেই মিলছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে সেই পূর্বাভাসের বাস্তব ছবি ফুটে উঠল। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক বাগিয়ে নিলেন অজি অলরাউন্ডার। ক্যামেরুন গ্রিনের জন্য তিনটি ফ্রাঞ্চাইজি লড়াই চালিয়েছে, শেষ অবধি ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের বিকল্প তার খুঁজে নিতে সক্ষম হয়েছে।
কয়েকদিন আগেই চাওড় হয়েছিল, ভুল করে স্রেফ ব্যাটার হিসেবে ক্যামেরুন গ্রিনকে নিলামের জন্য রেজিস্টার করিয়েছিল তার ম্যানেজার। কিন্তু সেটা যে ভুল ছিল না, ছিল এক ঠান্ডা মাথার পরিকল্পনা- তা স্পষ্ট হয়েছে নিলামঘরে। আইপিএলের মিনি নিলামে, ব্যাটারদের নাম ক্রম অনুসারে আগে ওঠানো হবে। অলরাউন্ডাররা সেই ক্রম অনুসারে নিচের দিকেই ছিলেন।

তাতে করে আগেভাগে ফ্রাঞ্চাইজিগুলোর পার্সে থাকা অর্থ খরচ হয়ে গেলে যথাযথ মূল্য পেতেন না ক্যামেরুন গ্রিন। আর এখানেই গ্রিনের ম্যানেজার খেলেছেন মাস্টার স্ট্রোক। তার জন্য তিনটি ভিন্ন দল নিলামের লড়াই শুরু করে। স্বাভাবিকভাবেই কলকাতার সেই লড়াইয়ে অংশগ্রহণ করার কথা ছিল। কেননা তারাই তো সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে হাজির হয়েছিল এবারের নিলামে।
তাদের সাথে প্রথমে লড়াই করে রাজস্থান রয়্যালস। কিন্তু খুব বেশিদূর এগোতে পারেনি রাজস্থান। কেননা তাদের হাতে অবশিষ্ট ছিল স্রেফ ১৬ কোটি ৫ লাখ রুপি। অল্পতেই কলকাতা বাগিয়ে নিতে যাচ্ছিল ক্যামেরুন গ্রিনকে। কিন্তু সেই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ অর্থের মালিক চেন্নাই সুপার কিংস হাজির হয়, নিলাম যুদ্ধে।

কলকাতার সাথে চলে বিডের লড়াই। ২৫ লাখ অবধি লড়াইটা চালিয়ে যায় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি। কিন্তু শেষ অবধি আরও ২০ লাখ যুক্ত করা কলকাতার বিডকে টেক্কা দিতে পারেনি চেন্নাইও। শেষতক কলকাতা নাইট রাইডার্সই হয়েছে অজি অলরাউন্ডারের নতুন ঘর। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক বাগিয়ে নেওয়ার কৃতীত্ব অবশ্যই গ্রিনের ম্যানেজারের প্রাপ্য।











