ব্রুক না সুরিয়া? কে দক্ষ সেনাপতি?

একদিকে সুরিয়াকুমার যাদব, অন্যদিকে হ্যারি ব্রুক। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই দুই তারকা। নকআউট লড়াইয়ের এই মহারণের আগে চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানের নিরিখে কার পাল্লা কতটা ভারী।

ক্রিকেট বিশ্বের নজর এখন মায়ানগরী মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শক্তিশালী ইংল্যান্ড। দুই দলের সেনাপতির দায়িত্বে রয়েছেন আধুনিক ক্রিকেটের দুইজন প্রতিভাধর তারকা।

একদিকে সুরিয়াকুমার যাদব, অন্যদিকে হ্যারি ব্রুক। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই দুই তারা। এই মহারণের আগে চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানের নিরিখে কার পাল্লা কতটা ভারী।

টি-টোয়েন্টি ফরম্যাটের রাজকীয় লড়াইয়ে সুরিয়াকুমার যাদব এক অপ্রতিরোধ্য নাম। ক্যারিয়ারের ১১১টি আন্তর্জাতিক ম্যাচে প্রায় ১৬৩ স্ট্রাইকরেটে ৩২৬১ রান সংগ্রহ করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরি।

অন্যদিকে, হ্যারি ব্রুকের আন্তর্জাতিক ক্যারিয়ার তুলনামূলক ছোট, মাত্র ৬২ ম্যাচের। তাই তুলনাটা সমানে-সমান করতে সুরিয়ার ক্যারিয়ারের প্রথম ৬২ ম্যাচের পরিসংখ্যানের সাথে ব্রুকের বর্তমান পরিসংখ্যান মেলানো যাক।

প্রথম ৬২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শেষে ৪৩.৮৭ গড়ে ২১৫০ রান করেছিলেন সুরিয়া। স্ট্রাইকরেটটাও অবিশ্বাস্য, ১৭০!  অন্যদিকে ৩০.৮৫ গড় নিয়ে ১২৯৬ রান করেছেন হ্যারি ব্রুক। তাই এক্ষেত্রেও যোজন যোজন এগিয়ে ভারতীয় সেনাপতি।

২০২৬ এর এই বিশ্বকাপে দুই অধিনায়কই নিজ নিজ দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ফর্মের গ্রাফ বলছে ভিন্ন কথা। হ্যারি ব্রুক এই টুর্নামেন্টে তিন নম্বরে উঠে আসার পর থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছেন। সাত ইনিংসে ১৬২ স্ট্রাইকরেটে তিনি করেছেন ২২৮ রান, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে সেই দুর্দান্ত সেঞ্চুরিটি অন্যতম।

অন্যদিকে, অধিনায়ক সুরিয়ার মোট রান (২৩১) ব্রুকের চেয়ে সামান্য বেশি হলেও, তার চিরচেনা সেই খুনে মেজাজ কিছুটা ম্লান। ১৩৫.৮৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সুরিয়া এই আসরে মাত্র একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তাও বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে। সাম্প্রতিক ছন্দের বিচারে তাই ব্রুকই কিছুটা এগিয়ে থাকবেন।

​সুরিয়ার কাছে ওয়াংখেড়ে ঘরের মাঠ, হাতের তালুর মতো চেনা। অন্যদিকে ব্রুক চাইবেন সুরিয়ার সেই চেনা মাঠেই আলো কেড়ে নিতে। পরিসংখ্যানের যুদ্ধে সুরিয়া এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে বর্তমান ফর্মই শেষ কথা বলে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link