বাংলাদেশের বোলিং তাণ্ডবের সামনে বিধ্বস্ত হলো নেপাল। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামের পেস একেবারে ঘায়েল করল নেপাল যুবাদের। গুটিয়ে গেল মাত্র ১৩০ রানে।
যুব ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে আজিজুল হাকিম তামিমের দল ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপালকে। লক্ষ্যটা পরিষ্কার, অল্প রানের মধ্যেই গুঁড়িয়ে দিতে হবে তাদের।

তবে একদম শুরুতে কিছুটা চমকে দেয় নেপালের ব্যাটাররা। সপ্তম ওভারের মাথায় তুলে নেয় ৪০ রান। তখনই সাদের হানা। ফেরান সাহিল প্যাটেলকে। এরপরই যেন ধস নামে নেপাল শিবিরে। ৫৪-তে দুই, ৬১-তেই পাঁচ। ২১ রানের ব্যবধানে সব এলোমেলো হয়ে যায় তাদের।
এক্ষেত্রে কৃতিত্বটা দিতে হবে বাংলাদেশের পেসারদের। নেপালের প্রথম ছয় উইকেটই নিজেদের ঝুলিতে পুরেছেন পেসাররা। সাদ, সবুজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে একপ্রান্তে আল-আমিনের আগ্রাসনের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি নেপাল ব্যাটাররা। শেষ দিকে তামিম আর শাহরিয়ার আহমেদ তুলেছেন জোড়া শিকার।

তবে লাইমলাইটে নিজেকে নিয়ে এসেছেন সবুজ। সাত ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট, এর মধ্যে আছে একটি মেইডেনও। নেপালের টপ অর্ডার তার গতির কাছেই হার মেনেছে। সব মিলিয়ে বলা যায়, প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও বাংলাদেশি বোলাররা পাশ মার্কই তুলেছে।











