ক্রিকেটে ব্যাটসম্যানের মাহাত্ম্য পরিমাপ করার অন্যতম বড় একটি প্যারামিটার নিঃসন্দেহে শতক। শতকের সংখ্যাটাই বলে দেয় ব্যাট হাতে কতটা দক্ষতা দেখিয়েছেন কোন ক্রিকেটার। সেকালের শচীন টেন্ডুলকার কিংবা আজকের বিরাট কোহলি, সবাই নিজেকে ক্রিকেট ইতিহাসের পাতায় অমর করেছেন ব্যাট হাতে একের পর এক শতকের গল্প লিখেই।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতক হাঁকানো সক্রিয় দশ ব্যাটারকে নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।
- জনি বেয়ারস্টো (২৩টি শতক)

তালিকার দশ নম্বর নামটি ইংলিশ বিধ্বংসী ব্যাটার জনি বেয়ারস্টোর। একদিনের ক্রিকেটে ১১টি এবং লাল বলের ক্রিকেটে ১২টি, মোট ২৩টি আন্তর্জাতিক শতক হাঁকিয়েছেন তিনি।
- টম ল্যাথাম (২৪টি শতক)

আন্তর্জাতিক ক্রিকেটে শতকের কল্যাণে সব মিলিয়ে ২৩ বার ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরেছেন কিউই ব্যাটার টম ল্যাথাম। ১৬টি টেস্ট শতকের বিপরীতে আটটি ওয়ানডে শতক রয়েছে তাঁর নামের পাশে।
- শাই হোপ (২৪টি শতক)

ল্যাথামের সমান দুই ডজন শতক নিয়ে তালিকায় রয়েছে ক্যারিবীয় ওপেনার শাই হোপের নামও। বর্তমান সময়ে ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার ওয়ানডেতে শতক হাঁকিয়েছেন ঊনিশ বার, টেস্টে চার বার। এমনকি টি-টোয়েন্টিতে শতক হাঁকানোর কীর্তিও রয়েছে তাঁর নামের পাশে।
- কুইন্টন ডি কক (৩০টি শতক)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আবারও ফিরে নিজের চিরচেনা ছন্দেই খেলছেন কুইন্টন ডি কক। এখন অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০টি শতক হাঁকিয়েছেন তিনি। ২৩টি ওয়ানডে, ছয়টি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি শতক রয়েছে তাঁর নামের পাশে।
- বাবর আজম (৩২টি শতক)

৩২টি আন্তর্জাতিক শতক নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছেন পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। ২০টি ওয়ানডে , নয়টি টেস্ট শতকের পাশাপাশি তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতক হাঁকানোর কীর্তিও গড়েছেন বাবর।
- কেন উইলিয়ামসন (৪৮টি শতক)

৪৮টি আন্তর্জাতিক শতক নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছেন কিংবদন্তি কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। ৩৩টি টেস্ট শতকের পাশাপাশি ১৫টি ওয়ানডে শতক রয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের।
- স্টিভ স্মিথ (৪৯টি শতক)

আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র স্টিভ স্মিথও রয়েছেন এই তালিকায়। প্রিয় ফরম্যাটে ৩৬টি শতকের সাথে ওয়ানডেতেও রয়েছে ১২টি শতক।
- রোহিত শর্মা (৫০টি শতক)

অর্ধ শতাধিক শতক নিয়ে তালিকার তিন নম্বর নামটি ভারতীয় ওপেনার রোহিত শর্মার। ৩৩টি ওয়ানডে, ১২টি টেস্ট শতকের সাথে রেকর্ড সংখ্যক পাঁচটি টি-টোয়েন্টি শতকও রয়েছে দ্য হিটম্যানের নামের পাশে।
- জো রুট (৬১টি শতক)

ইংল্যান্ডের আধুনিক ক্রিকেটে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির নাম জো রুট। ফরম্যাট যত দীর্ঘ হয়, রুটের ব্যাট হাতে শাসন যেন ততই প্রখর হতে থাকে। ৪০টি টেস্ট শতক হাঁকানো রুটের নামের পাশে রয়েছে কুড়িটি ওয়ানডে শতকও।
- বিরাট কোহলি (৮৫টি শতক)

তালিকার প্রথম নামটি অবশ্য সবারই জানা। আধুনিক ক্রিকেটে শতকের রাজা বিরাট কোহলি। গোটা ৮৫টি শতক নিয়ে সময়ে সেরা ক্রিকেটার হয়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখেছেন বিরাট। একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা এই ব্যাটারের নামের পাশে রয়েছে ৫৪টি ওয়ানডে শতক। হাঁকিয়েছেন ৩০টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি শতকও।










