ধারাবাহিকতার হৃদয় জয়

৯৮ বলের ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৭.৯৬। একটি ছক্কা আর আটটি চারে সাজানো ইনিংসটাই ছিল নর্থ জোনের একমাত্র আশার আলো।

হাতে ছিল তিনটা বল। চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়েই যেতে পারতেন তাওহীদ হৃদয়। কিন্তু বিধিবাম। শেষ ওভারে রিপন মণ্ডলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন সাজঘরে।

তবে, যতক্ষণ ছিলেন ক্রিকেট তাওহীদ যেন আক্ষরিক অর্থেই নর্থ জোনের হৃদয় হয়ে উঠেছিলেন। ২৩৮ রানে অল আউট হওয়ার ম্যাচে তিনি একাই করেছেন ৯৬ রান। ওয়ানডে মেজাজে একমাত্র কেবল তিনিই খেলতে পেরেছেন।

৯৮ বলের ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৭.৯৬। একটি ছক্কা আর আটটি চারে সাজানো ইনিংসটাই ছিল নর্থ জোনের একমাত্র আশার আলো।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩৫ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই শান্ত বাদে আর কেউই তেমন একটা সঙ্গ দিতে পারেননি হৃদয়কে। তিন বল বাকি থাকতেই অলআউট হতে হয় নর্থ জোনকে।

নি:সন্দেহে হৃদয়ের ইনিংসটা তাঁকে ভবিষ্যতের পথে আত্মবিশ্বাস যোগাবে। চার ম্যাচে করেন ২৩৩ রান। গড় ৮৩.২৫। পাকিস্তান সিরিজেও এই ধারাবাহিকতা নিশ্চয়ই রাখতে চাইবেন হৃদয়।

Share via
Copy link