হার্দিক পান্ডিয়ার মতো প্রতিভা নেই, অক্ষর প্যাটেলের মতো জাদু নেই তাঁর কাছে। তবে দলের বিপন্ন দশার ভার নেওয়ার ক্ষমতা দিয়ে শিভাম দুবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। ২০২৪ টি‑২০ বিশ্বকাপ ফাইনাল হোক, ২০২৫ এশিয়া কাপ ফাইনাল হোক বা ২০২৬ টি‑২০ বিশ্বকাপের চাপের লড়াই — প্রতিটা মঞ্চেই সরবরাহ করেছেন ফলাফল, নামের পাশে পিউর ক্লাচ তকমাটা জুড়ে নিয়েছেন।
সেমিফাইনের মঞ্চ, বাড়তি চাপ থাকে সবারই ভেতরেই। সেই চাপ যে জয় করতে পারে বিজয় নিশান তার হাতেই থাকে। যেটা পেরেছেন শিভাম দুবে। চার নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন। এমন এক সময় যেখানে স্কোরকার্ডটাকে নিজেদের বসিয়ে আনতে পারেনি ভারত। ১১৭ রান থেকে শুরু করলেন নিজের কারিকুরি। শেষমেষ যখন ফিরলেন দলের রান তখন ২১২।
ভারতের স্কোরবোর্ডে ২৫৩ রান দেখে, দুবের ২৫ বলে ৪৩ রানের এই ইনিংসটা হয়তো খুব একটা চোখে পড়ার মতো কিছু মনে হবে না, তবে যারা খেলাটা দেখেছেন তারা এই ইনিংসের মর্মটা জানেন। ওটাই যে বড় স্কোর আর ভারতে মাঝে এক সেতু হয়ে কাজ করেছে। সর্বোপরি বড়সড় ইমপ্যাক্ট রেখেছে।

ইমপ্যাক্ট কথাটা টানলে আরও বেশ কিছু ইনিংস টেনে আনতে হয়, যেখানে দুবে অভিনয় করেছেন পার্শ্বনায়কের চরিত্রে। ২০২৪ সালের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ব্যাট আসা ১৬ বলে ২৭ রান ভারতের জয়ের পেছনে বড় অবদান রেখেছিল। ছোট হলেও যার মাহাত্যটা অনেক বড়।
আবার ২০২৫ এশিয়া কাপ ফাইনালেও নিজের নাম গোপনে লিখে গেছেন দুবে। পাকিস্তানের বিপক্ষে ১৪৭ রান তাড়া করতে নেমে ৭৭ রানেই চার উইকেট হারিয়ে ফেলা ভারতের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শিভাম দুবে। ৩৩ রানের ইনিংস খেলে দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে এনে তবেই ফিরেছিলেন সাজঘরে।
দলকে জেতানোর কাজটা অনেকেই করেন। দিনশেষে তাদের নাম আলোচনায় থাকে। তবে এমন ছোট ছোট সব ইনিংস সময়ের বিবেচনায় কখনও কখনও অমূল্য হয়ে ওঠে। শিভাম দুবে সেটাতেই মনোযোগ দিয়েছেন।

Share via:











