জিতবে না ভারত, টস আর জিতবে না!

ভারত কি তাহলে সেই বিখ্যাত পাকিস্তানি ক্রিকেট শো এর বাংলাদেশি চরিত্রটার মত বলছে - 'হাম নেহি জিতেঙ্গে টস, হামারা মারজি।'

আচ্ছা একটানা ১৪ টা টস হারা কি সম্ভব! গানিতিক ভাবেই বা তার সম্ভাবনা কত? গণিতবিদ্যার মতে, এমন ঘটনার সম্ভাবনা মাত্র  ০.০০০০৬১। শতকরার হিসেবে যা দাঁড়য় মাত্র ০.০০৬১%। আরও সহজ ভাষায় বললে, প্রতি ১৬৩৮৪ বারে একবার ঘটতে পারে এমন ঘটনা।

সবশেষ ১৪ ওয়ানডেতেই টস হেরেছে ভারত। একবার হতে পারে, দুইবারও মেনে নেওয়া যায়। পাঁচবার হলে খটকা লাগে, আর দশবার হলে মাথায় হাত! কিন্তু ১৪ বার টানা টস হার! বাস্তবতা বলছে, চাইলেও এমন রেকর্ড গড়াটা প্রায় অসম্ভব। কেননা এর গানিতিক সম্ভাবনাটা এতটাই ক্ষুদ্র।

আসুন, ছক কষে দেখি ঠিক কতটা অভাগা হতে হয় এমন বিরল রেকর্ড গড়তে। একটা কয়েনে দুইটা সাইড থাকে, হেড আর টেল। সুতরাং একবার টস করলে হেড হবার সম্ভাবনা ৫০ শতাংশ মানে অর্ধেক। টেল হবার সম্ভাবনাও একই। যদি কেউ টানা ১৪ বার মুদ্রা নিক্ষেপ করে এবং প্রতিবারই নির্দিষ্ট একটি ফলাফল (যেমন শুধুই টেইল) পায়, তাহলে এর সম্ভাবনা হবে – ০.৫^(১৪)= ০.০০০০৬১। এই সম্ভাবনা কতটা ক্ষুদ্র জানেন? এটি এক ভাগের মাত্র ০.০০০০৬১ অংশ। অর্থাৎ, এটি প্রায় ১৬,৩৮৪ বারের মধ্যে মাত্র একবার ঘটার সম্ভাবনা থাকে।

এমন অসাধ্য সাধনে সবচেয়ে বড় কৃতিত্ব রোহিত শর্মার। তিনি একাই হেরেছেন টানা ১১ টস, তার অনুপস্থিতিতে আরও তিন টস হেরেছে ভারত। কিন্তু ভারতীয় দল সেটাকে এতটাই সহজ বানিয়ে ফেলেছে যে এখন মনে হচ্ছে, টস হেরে মাঠে নামাটাই যেন রুটিন!

বিখ্যাত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভি ‘এন্ডগেম’-এ একটা বিখ্যাত দৃশ্য আছে। ডক্টর স্ট্রেঞ্জ নামের এক চরিত্র সেখানে ভবিষ্যৎ দেখতে পেতেন। তাকে আইরনম্যান জিজ্ঞেস করেন, থানোসকে হারানোর সম্ভাবনা কত? ডক্টর স্ট্রেঞ্জ বলেন ১৪ মিলিয়ন বারের মধ্যে মাত্র একবার থানোসকে হারানো যেতে পারে। সেই অসাধ্য সাধন করেছিল তারা।

যে হারে ভারত আগাচ্ছে তারাও প্রায় এমন সমীকরণের দিকে আগাচ্ছে। ভারত যদি টানা আর ছয় টস হারে ওয়ানডেতে তাহলে টানা ২০টা টস হারবে। যা সাধারণত প্রতি ১ লাখ ৪৮ হাজার ৫৭৬ বারে একবার হওয়াই সম্ভব।

ভারত কি তাহলে সেই বিখ্যাত পাকিস্তানি ক্রিকেট শো এর বাংলাদেশি চরিত্রটার মত বলছে – ‘হাম নেহি জিতেঙ্গে টস, হামারা মারজি।’ দেখা যাক, এই টস হারের রেশ আর কতকাল বয়ে বেড়াতে হয় ভারতকে!

Share via
Copy link