ইংল্যান্ড-ভারত সেমিফাইনাল, চ্যাম্পিয়ন হওয়ার সহজ সমীকরণ

এখন পর্যন্ত আইসিসি আয়োজিত বৈশ্বিক যেকোন আসরে মোট চারবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড।

শঙ্কা আর সমালোচনাকে উড়িয়ে ভারত উঠেছে সেমিফাইনালে। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড- এই তিন দলের বিপক্ষে দাপট দেখিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। একদিকে সমালোচনার টুঁটি চেপে ধরতে পারার আনন্দ, অন্যদিকে সর্বজয়ী হওয়ার আত্মবিশ্বাস। দুই দল শক্তিমত্তায় ১৯-২০ হলেও অতীত পরিসংখ্যানে দাঁড়িপাল্লা সমান।

এখন পর্যন্ত আইসিসি আয়োজিত বৈশ্বিক যেকোন আসরে মোট চারবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এই চার দেখায়, কোন একটি দল যে ব্যাপক ব্যবধানে এগিয়ে, সেটা বলবার বিন্দুমাত্র সুযোগ নাই। দুই দলের ঝুলিতেই আছে দুইটি করে জয়। এমন হাড্ডাহাড্ডি পরিসংখ্যান খুঁজে পাওয়া দুষ্কর।

প্রথমবার ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড প্রথমবার হয়েছিল মুখোমুখি। কপিল দেবের চ্যাম্পিয়ন দলটা সেবার পরাস্ত করেছিল ইংল্যান্ডকে। ম্যানচেস্টারে ছয় উইকেটের জয় পেলেও, পরবর্তী দেখায় ওয়াংখেড়েতে হেরেছে ভারত ৩৫ রানের ব্যবধানে। সেটা অবশ্য ছিল ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপেই।

এরপর দীর্ঘদিন কেটে গেলেও এই দুই দল আর সেমিফাইনালে মুখোমুখি হয়নি বৈশ্বিক কোন আসরে। সেই ধারার ব্যত্যয় ঘটে ২০২২ সালে এসে। অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে দশ উইকেটের বড় ব্যবধানে ধরাশায়ী হয়েছিল ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে সেটাই ছিল সেমিফাইনালে দুই দলের প্রথম মোলাকাত।

এরপর আবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়। সেদফা অবশ্য পাল্লা সমান-সমান করে নেয় রোহিত শর্মার ভারত। চ্যাম্পিয়ন হওয়ার আগে অন্যতম দাবিদার ইংল্যান্ডকে তারা হারিয়েছিল ৬৮ রানের বেশ আরামদায়ক ব্যবধানে। অর্থাৎ এবারের বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল হচ্ছে টানা তৃতীয় দফা।

লড়াইটা জম্পেশ হতে চলেছে সেটা নিয়ে নিশ্চয়ই কারো দ্বিধা নেই। এই দুই দলের মধ্যে গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে, যারাই ফাইনালে পৌঁছেছে তারাই শেষ অবধি হয়েছে চ্যাম্পিয়ন। সুতরাং ওয়াংখেড়ের সেমিফাইনাল হতে চলেছে চ্যাম্পিয়ন নির্ধারণের ফাইনাল। তবে এই ওয়াংখেড়েতেই ভারতের সেমি হারের রেকর্ড আছে ইংল্যান্ডের বিপক্ষে, ভারতের তাই বাড়তি সতর্ক থাকা চাই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link