ভারত-বাংলাদেশ সিরিজে আবারও অনিশ্চয়তা

মাঠের বাইরের রাজনীতি-কূটনীতির ডামাডোলে ২২ গজের চিরচেনা ছন্দ খেই হারিয়েছে। যা ভারত-বাংলাদেশ সিরিজের ভাগ্যকে ঠেলে দিয়েছে গভীর অনিশ্চয়তার মুখে।

আবারও সংকট, আবারও অনিশ্চয়তা। আবারও প্রশ্নের মুখে বাংলাদেশ-ভারত সিরিজ। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জের ধরে আবারও ক্রিকেটের বুকেই খড়গ নেমে আসতে চলেছে।

আসছে সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের সফরে আসার কথা থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। সবশেষ ২০২৪ সালে ভারতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার দুই ফরম্যাটেই ম্যান ইন ব্লুজদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলেন শান্ত-লিটন দাসরা।

তাই ঘরের মাঠে এবার ভারতকে পরাস্ত করার লক্ষ্যে সেপ্টেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে কাজ করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশের বোর্ডের মধ্যকার প্রাথমিক আলোচনাগুলোও বেশ ইতিবাচকভাবেই এগিয়েছিল।

কিন্তু মাঠের বাইরের রাজনীতি-কূটনীতির ডামাডোলে ২২ গজের চিরচেনা ছন্দ খেই হারিয়েছে। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আবারও নিম্নমুখী হয়েছে, যা ভারত-বাংলাদেশ সিরিজের ভাগ্যকে ঠেলে দিয়েছে গভীর অনিশ্চয়তার মুখে।

পরিস্থিতির এই আকস্মিক পরিবর্তনে বিসিবি কর্মকর্তারাও কিছুটা হতাশ। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র বলছে, সিরিজের ভাগ্য এখন ‘ফিফটি-ফিফটি’ অবস্থানে দাঁড়িয়ে।

তবে নীতিনির্ধারকরা এখনই হাল ছাড়ছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে বিসিবি। সিরিজ আয়োজন নিশ্চিতে নীতি-নির্ধারণী টেবিলেও চলছে জোর তৎপরতা। শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভাবনা টেকাতে বাংলাদেশ সবরকম প্রচেষ্টাই অব্যাহত রেখেছে।

তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ক্রিকেটভক্তরা আর নির্ভার হচ্ছেন না। তাঁদের তীক্ষ্ণ নজর বিসিবির চূড়ান্ত বিবৃতির দিকে। এখন শুধু প্রহর গোনার পালা। রাজনীতির বেড়াজাল পেরিয়ে শেষ পর্যন্ত কি জয় হবে মাঠের খেলার?

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link