শেষ মুহূর্তের এক দমকা ঝড়ে পাল্টে গেল ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল। দুবাইয়ের এই আসরে নেই জাসপ্রিত বুমরাহ। তাঁর জন্য শেষ অবধি অপেক্ষা করেও লাভ হয়নি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
এখানেই শেষ নয়, দলে আছে আরও কয়েকটা পরিবর্তন। মূল দল থেকে বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল। বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। পাঁচ স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর বরুণের প্রতি সদয় হয়েছে বোর্ড। কিন্তু, একাদশে এতগুলো স্পিনারের জায়গা কোথায়?

কুলদীপ যাদব চলতি ইংল্যান্ডে সিরিজে একটি ম্যাচেই খেলেছেন। এর মধ্যে বরুণও ঢুকে পড়লেন চ্য়াম্পিয়ন্স ট্রফির দলে। ফলে, বোঝাই যাচ্ছে, বরুণের ওপরই বেশি ভরসা করবে ভারত।
শেষ দু’টি আইসিসি ইভেন্টে বল হাতে ভারতের সেরা পারফরমার বুমরাহ। কিন্তু, এবার কপাল পুড়ল লোয়ার ব্যাক ইনজুরিতে! ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আরেকটা আইসিসি ইভেন্ট তিনি মিস করবেন। বিকল্প খুঁজে নিয়েছে ভারত। কে যাবেন দুবাইয়ে? মোহাম্মদ সিরাজ? না তিনি হার্ষিত রানা!

ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সের পর এই পুরস্কার তাঁর প্রাপ্যই ছিল। তবে, জাসপ্রিতের জুতোয় পা গলানো সহজ কাজ নয়। সেদিক থেকে চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্সের এই পেসারের জন্য।
লোকেশ রাহুল থাকছেন। তবে, মিডল অর্ডারে না ব্যাক আপ ওপেনার হিসেবে – সেটা ভাবনার বিষয়। কারণ, দলে রোহিত শর্মা আর শুভমান গিল ছাড়া কোনো ওপেনার নেই। জয়সওয়াল দলে না থাকলেও আছেন স্ট্যান্ড বাই তালিকায়। তাঁর সঙ্গী হচ্ছেন শিভাম দুবে ও মোহাম্মদ সিরাজ। দরকার হলে তাঁদের আমিরাতে উড়িয়ে নেওয়া হবে।











