অনেক চড়াই–উতরাই পেরিয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। এবার লড়াইটা ফাইনালের জন্য। তবে এই লড়াইয়ে নামার আগে স্বস্তিতে কি আছে ভারত? সেমি পর্যন্ত দলটির সুর-তাল-লয় যে একেবারেই ঠিক নেই। যা মহারণের আগে বাড়িয়ে দিচ্ছে বড় রকমের দুশ্চিন্তা।
প্রথম সমস্যাটা ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাঞ্জু স্যামসন আলো ছড়িয়েছেন ঠিকই, তবে বাকিদের খবর যে নেই বললেই চলে। অধিনায়ক সুরিয়াকুমার যাদব দিয়ে শুরু করা যাক, যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন ঠিকই, তবে এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাঁকে।
ওপেনিংয়ে রীতিমতো মাথাব্যথা হয়ে উঠেছেন অভিষেক শর্মা। ছয় ম্যাচে মাত্র ৮০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। বাকিরাও যে খুব একটা ধারাবাহিক সেটাও না। বড় ম্যাচে নামার আগে নিশ্চয় এই সমস্যার সমাধান করতে হবে ভারতকে।

ভারতের মিডল অর্ডার ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং লাইনআপ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন বোলিংয়ের বিপক্ষে অস্বস্তিতে পড়ছেন, যা এখনও গুরুত্বপূর্ণ সমস্যা। পূর্ণ শক্তি নিয়ে কেউ মোকাবিলা করতে পারছেন না প্রতিপক্ষকে।
বোলিং লাইনআপের তো আরও বেহাল দশা। প্রতিপক্ষ একটু আগ্রাসী হলেই এলোমেলো হয়ে যাচ্ছে ভারতের বোলিং আক্রমণ। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ,সবার বিপক্ষেই এই দুর্বলতা বেরিয়ে এসেছে। দেদারছে রান বিলিয়ে যাচ্ছে সবাই মিলে। এমন চলতে থাকলে ইংল্যান্ড ব্যাটারদের জন্য তাই কাজটা সহজই হবে।
হাতে আছে অল্প সময়, দেয়ালের ফাঁক-ফোকরে তাই প্রলেপ দিতে হবে ভারতকে। সেমিতে ভুলের সুযোগ নেই, তাই তো ফাইনালের টিকিট পেতে গেলে সচেতন হতে হবে আগেভাগেই।

Share via:











