বোলিংয়ে শক্তিশালী, ব্যাটিংয়ে ধারাবাহিক

মাঠের পারফরম্যান্সে ভারত বলল, তাঁরা শতভাগ প্রস্তুত - তা যত দলে যত ভাঙা গড়াই হোক না কেন!

জাসপ্রিত বুমরাহ নেই, তাতে কি! অভাব বুঝতে দিলো না ভারতীয় পেস আক্রমণ। যেন তারা সবাই মিলে হয়ে উঠলেন এক বুমরাহ! আর্শদ্বীপ সিং, হার্ষিত রানা, হার্দিক পান্ডিয়া— প্রত্যেকেই যেন নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন নিখুঁতভাবে। তিনজন মিলে তৈরি করলেন এক অদৃশ্য পেস ত্রিফলা, যার আঘাতে ছিন্নভিন্ন হলো ইংল্যান্ডের ব্যাটিং।

১৪২ রানের বিশাল ব্যবধানে ভারত পিষে ফেললো ইংল্যান্ডকে। পেসারদের দাপটের পর স্পিনের ঘূর্ণিতেও দিশেহারা হলো প্রতিপক্ষ। অক্ষর প্যাটেলের নিখুঁত লাইন-লেংথ, ওয়াশিংটন সুন্দরের আঁটসাঁট স্পেল— যেন স্পিন জাদুর মায়াজালে আটকে গেল ইংল্যান্ড। বোলিং ইউনিট হিসেবে নিখুঁত এক পারফরম্যান্স দেখালো ভারত।

এর আগে ব্যাটিংয়েও পরিকল্পনাতে দারুণ সফল ছিল ভারত। ব্যাট হাতে বিশাল স্কোর গড়েছে আহমেদাবাদে। একদম শুরু থেকে শেষ – সবাই কম বেশি রানের মধ্যেই আছেন। রানে ফিরেছেন বিরাট কোহলি। এক ম্যাচে আগে সেঞ্চুরি করেছেন কোহলি। শুভমান গিল আর শ্রেয়াস আইয়ার আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যাটিং ফর্মে। লোকেশ রাহুলও আছেন মিডল অর্ডারে নিজেকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টায়। রানে ফেরার আভাস দিয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের জন্য সুখবর, ভারতের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে মাঠে। নিখুঁত সমীকরণ মিলে যাচ্ছে একের পর এক। ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের জোয়ার, প্রতিপক্ষ শিবিরে শঙ্কার কুয়াশা।

পেস-স্পিন মিলিয়ে ভারত এক নতুন বার্তা দিলো— তারা প্রস্তুত, একদম তৈরি! ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। আবার ১২ বছর পর কি আরেকটাবার চ্যাম্পিয়ন হতে পারবে ভারত? আরেকটি বিশ্ব শিরোপা দিয়ে কি নিজের ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে দিতে পারবেন রোহিত শর্মা? জবাব খুঁজছে পুরো বিশ্ব। আর মাঠের পারফরম্যান্সে ভারত বলল, তাঁরা শতভাগ প্রস্তুত – তা যত দলে যত ভাঙা গড়াই হোক না কেন!

Share via
Copy link