দীর্ঘদিন ধরেই লাল বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে গণ্য হওয়া ভারত হঠাৎ করেই যেন গৌতম গম্ভীরের অধীনে এক প্রকার খেয় হারিয়ে ফেলেছে। একসময়ের প্রতাপশালী দলটা যেন ভুলে গেছে জিততে। তাই তো প্রশ্ন ওঠে, এই দায় আসলে কার?
ভারত ঘরের মাঠে ইতিহাসে মাত্র তিনবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তার মধ্যে দুইবারই এ ঘটনা ঘটেছে গম্ভীরের দায়িত্বে। এক বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ০-৩ হারের ক্ষত শুকানোর আগেই কাটা ঘায়ে যেন নুনের ছিটে দিল বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
গম্ভীরের কোচিং পদ্ধতি ও শুভমান গিলের ক্যাপ্টেন্সি উভয়ই এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অবশ্য সমালোচনার সূচালো তীর বেশিরভাগ ধেয়ে আসছে গম্ভীরের দিকে। ঠিকঠাক একাদশ সাজাতে ব্যর্থ হচ্ছেন, পারফর্মরা সুযোগ পাচ্ছেন না, প্রোপার ব্যাটার না নিয়ে অলরাউন্ডের দিকে বেশি ঝুঁকছেন, যা ব্যাটিং লাইনআপ দূর্বল করে দিচ্ছে। এমনকি সারফরাজ খান কিংবা অভিমন্যু ইশ্বরণের মতো ধারাবাহিক ক্রিকেটারদের তিনি উপেক্ষা করছেন।

দায়টা গিলকে দিচ্ছেন অনেকেই। কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তরুণ এ ক্যাপ্টেনকে নিষ্ক্রিয় মনে করা হচ্ছে। ম্যাচ পরিস্থিতির সাথে পরিকল্পনার সামঞ্জস্য খুঁজে না পাওয়াও ব্যর্থতার আরেক কারণ হিসেবে উঠে আসছে।
শুধু তাই নয়, সমালোচনায় আগুনে পুড়তে হচ্ছে নির্বাচক অজিত আগারকারকেও। যদিও স্কোয়াড নির্বাচন পর্যন্ত কাজটা তার। কারণ বর্তমানে প্লেয়িং ইলেভেন নির্ধারণের মূল ক্ষমতা কোচ ও অধিনায়কের কাছেই। ফলে আগারকার পরিস্থিতি বুঝলেও খুব বেশি হস্তক্ষেপ করতে পারছেন না।
ভারতের টেস্ট দল যে তীর হারিয়ে দিকভ্রান্ত এই নিয়ে সন্দেহ নেই কারও। তবে সমস্যা সমাধানের উপায় নিশ্চয় আছে। সফলতা পেতে গেলে সেটাই এখন খুঁজে বের করতে হবে সবার আগে।

Share via:










