ভারত সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল প্রায় ছয় মাস আগে। দীর্ঘ বিরতির পর তারা মাঠে ফিরতে যাচ্ছে ২০২৫ -এর এশিয়া কাপ দিয়ে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারতের স্কোয়াড কেমন হবে! চলুন দেখার চেষ্টা করি।
অধিনায়কত্বের দায়িত্বটা থাকবে সুরিয়াকুমার যাদবের হাতে। তবে শুভমান গিল, সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারদের নিয়ে চলছে জোর আলোচনা। সবচেয়ে দুশ্চিন্তার জায়গা জাসপ্রিত বুমরাহ হয়তো থাকবেন না এবারের এশিয়া কাপে। দীর্ঘ সময় বিশ্রামে রাখা হবে তাঁকে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত এরপরও দুর্দান্ত ছন্দ বজায় রেখেছে। সেই আসরের পর থেকে খেলা ২০টি টি-টোয়েন্টির মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে তারা। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। তবে এশিয়া কাপের জন্য কিছু নতুন মুখ ও ভিন্ন কম্বিনেশনের দেখা মিলতে পারে।

ওপেনার হিসেবে থাকতে পারেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার)। ব্যাকআপ হিসেবে রাখা হতে পারে যশস্বী জয়সওয়ালকে।
মিডল-অর্ডার ও ফিনিশারের দায়িত্বে কাপ্তান সুরিয়াকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিং অথবা শ্রেয়াস আয়ার এবং জিতেশ শর্মা (উইকেটকিপার)।
তবে আলোচনার জায়গাটা শ্রেয়াস আয়ারকে নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর দলে তাঁর জায়গাটা একপ্রকার প্রাপ্য। অন্যদিকে এবছরে রিঙ্কু সিংয়ের পরিসংখ্যান তাঁকে ব্যাকফুটে রাখতে পারে।

আইপিএলে খুব একটা ভালো করতে পারেননি। এ বছরে ইংল্যান্ডের সাথে তিন ম্যাচে সুযোগ পেয়েছেন, রান করেছেন মাত্র ৩৯। ব্যাটিং গড় ১৯.৩০, স্ট্রাইক রেট ১২১.৮৭। তাই তো বেশ নড়বড়ে অবস্থানে রয়েছেন তিনি।
অলরাউন্ডারের ভূমিকায় যথারীতি হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। স্পিন ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের অবস্থান পাকাপোক্তই বলা যায়।
তবে সমস্যাটা হতে পারে পেস আক্রমণ নিয়ে। আর্শদীপ সিং, হর্ষিত রানার সাথে যোগ দিতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা অথবা মোহাম্মদ সিরাজ। জাসপ্রিত বুমরাহর না থাকাটা খুলে দিতে পারে সিরাজের দরজা।

এশিয়া কাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড দাঁড়াতে পারে— অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), যশ্বসী জয়সওয়াল, সূরিয়াকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, হর্ষিত রান, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।











