ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঠে যখন ব্যাট-বলের লড়াই তুঙ্গে, ঠিক তখনই সীমানার বাইরে ডাগআউটে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা জন্ম দিল বিশাল বিতর্কের। রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্দারের বিরুদ্ধে ‘অ্যান্টি-করাপশন প্রোটোকল’ লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
ঘটনাটি রাজস্থান বনাম ব্যাঙ্গালুরুর ম্যাচে। ম্যাচ তখন ১১ ওভারে। গ্যালারিতে যখন দর্শকদের উন্মাদনা, তখন ডাগআউটের ভেতরে ক্যামেরায় ধরা পড়ে এক নিষিদ্ধ দৃশ্য। দেখা যায়, রাজস্থানের টিম ম্যানেজার রোমি ভিন্দার গভীর মনোযোগে মোবাইল ফোন ব্যবহার করছেন। তার ঠিক পাশেই বসে ছিলেন বৈভব সুরিয়াভানশি।
আইপিএলের কঠোর নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়া-তে ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারদিকে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন উঠছে, যেখানে দুর্নীতির ছায়া সরাতে বিসিসিআই বদ্ধপরিকর, সেখানে খোদ ম্যানেজারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কীভাবে সম্ভব?

আইপিএলের ২০২৬ সালের সংশোধিত বিধিমালা বলছে, টিম ম্যানেজার ডাগআউটে ফোন সাথে রাখতে পারলেও কোনো অবস্থাতেই তা ব্যবহার করতে পারবেন না। ড্রেসিংরুমের চার দেয়ালের ভেতরে যোগাযোগের অনুমতি থাকলেও উন্মুক্ত ডাগআউটে এটি দণ্ডনীয় অপরাধ।
এই ঘটনায় সবচেয়ে সরব হয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদী। সুদূর প্রবাস থেকেও আইপিএলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘ডাগআউটে মোবাইল ফোন! এটা অবিশ্বাস্য এবং সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ। আইপিএল গভর্নিং কাউন্সিলের উচিত বিনা বিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া। আমার প্রশ্ন- তখন দুর্নীতি দমন শাখা ঘুমাচ্ছিল নাকি?’
ক্রিকেট বিশ্লেষকদের মতে, রোমি ভিন্দারের এই ‘ডিজিটাল বিলাসিতা’ তাকে বড় বিপদে ফেলতে পারে। ভিডিও ফুটেজটি খতিয়ে দেখছে অ্যান্টি-করাপশন ইউনিট। দোষী সাব্যস্ত হলে তাকে ম্যাচ রেফারির তলবের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা বা বহিষ্কারের মুখেও পড়তে হতে পারে। তবে এখন অবধি রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












