আইপিএল ক্রিকেট নয়, বলিউড সিনেমা!

অনেক দর্শকের কাছে ভারতের এই ক্রিকেট লিগকে সিনেমার মতোই মনে হয়। সেই ভাবনাই যেন আবার ফুটে উঠলো রাইলি রুশোর মুখ দিয়ে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কোনো সন্দেহ ছাড়াই ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। ২০০৮ সালে শুরুর পর থেকেই এর গুরুত্ব ক্রমশ বর্ধমান। সেই লিগকেই ক্রিকেটের চেয়ে বলিউড সিনেমা বেশি বললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো।

দশ দল নিয়ে ৭৪ ম্যাচের এক দীর্ঘ লড়াই আইপিএল। কে কখন হাল ছেড়ে দেওয়ার মতো ম্যাচের ফল বদলে দিবে, কোন খেলোয়াড় কখন আপাতভাবে অসম্ভব হিসেবে বিবেচিত কাজকে সম্ভব করে ফেলবে, তা আইপিএলে কখনো বলা যায় না আগে থেকে।

তাই তো, অনেক দর্শকের কাছে ভারতের এই ক্রিকেট লিগকে সিনেমার মতোই মনে হয়। সেই ভাবনাই যেন আবার ফুটে উঠলো রাইলি রুশোর মুখ দিয়ে।

দক্ষিণ আফ্রিকান এই বাঁহাতি ব্যাটার এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সি গায়ে। এরই মাঝে ঘোষণা করলেন আইপিএলের চেয়ে পিএসএলের শ্রেষ্ঠত্ব।

রুশো বলেন,  ‘আইপিএলের চেয়ে পিএসএল বেশ সংক্ষিপ্ত টুর্নামেন্ট। আর, এখানে লড়াই হয় অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। আইপিএলের পেছনে বলিউডের সমর্থন আছে, তাই একে ক্রিকেটের চেয়ে সিনেমাই বেশি মনে হয়।’

তিনটি ভিন্ন দলের হয়ে আইপিএল খেলা রুশোর এমন মন্তব্য আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে, যতই সিনেমার মতো মনে হোক না কেন, প্রতিদিন আইপিএল দেখতে গা এলিয়ে বসার আগে ক্রীড়ামোদিদের ভাবতে হয় না দুইবার।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link