১৭ বছর ধরে অবহেলায় পড়ে থাকা এক আইপিএল নিয়ম

এবারের আইপিএলে যদি এমন কিছু ঘটে যেখানে দলগুলো বাধ্য হয় এই নিয়ম কাজে লাগাতে? সময়ই দেবে উত্তর। ১৭ বছর অপেক্ষায় থাকা নিয়ম কি এবার আলো দেখবে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সূচনালগ্ন থেকেই নিয়মটা ছিল, কিন্তু কেউ যেন তার দিকে ফিরেও তাকায়নি। অথচ একটু কৌশলী হলে দলগুলো এই নিয়ম থেকেই পেতে পারত বাড়তি সুবিধা। বিসিসিআই এবার আর অপেক্ষায় থাকছে না, দলগুলোর মনে করিয়ে দিয়েছে সেই পুরনো নিয়মের কথা।

নিয়মটা হলো ‘আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার’ নেওয়ার সুযোগ। আইপিএলের রেজিস্টার্ড প্লেয়ার পুল বা আরপিপি থেকে যে কোনও ক্রিকেটারকে আপৎকালীন ভিত্তিতে দলে নেওয়া যাবে, তবে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন না। কয়েক ম্যাচের জন্য আসবেন, দলের প্রয়োজন মিটিয়ে আবার ফিরে যাবেন পুরনো অবস্থানে।

ধরা যাক, দলের সব উইকেটকিপার চোট পেয়ে ছিটকে গেল। তখন কি করা হবে? সোজা, আরপিপি থেকে একজন উইকেটকিপার এনে কয়েক ম্যাচ খেলিয়ে নেওয়া যাবে, যতক্ষণ না দলের কেউ সুস্থ হয়ে ফেরেন। এক ম্যাচের জন্যও নেওয়া যেতে পারে, আবার দশ ম্যাচেও খেলানো যেতে পারে। তবে একবার নেওয়া হলে পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ নেই তার।

বিসিসিআই এবার দলগুলোকে শুধু নিয়মের কথা মনে করিয়ে দেয়নি, বরং আরপিপি তালিকাও ধরিয়ে দিয়েছে। তবে কারও সাহায্য লাগলে, অনুমতি নিতে হবে বোর্ডের কাছ থেকে।কিন্তু বড় প্রশ্ন, দলগুলো আদৌ কি এই নিয়ম কাজে লাগাবে?

এত বছরে কেউ লাগায়নি। কারণ প্রতিটি দলেরই ব্যাকআপ থাকে, বিকল্প ক্রিকেটার থাকে। তার ওপর মাঝপথে কেউ পুরো মৌসুমের জন্য ছিটকে গেলে সরাসরি পরিবর্ত খেলোয়াড় নিয়ে নেওয়াই সহজ সমাধান। তাই ‘আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার’ নিতেই হয়নি কখনও।

তবে এবারের আইপিএলে যদি এমন কিছু ঘটে যেখানে দলগুলো বাধ্য হয় এই নিয়ম কাজে লাগাতে? সময়ই দেবে উত্তর। ১৭ বছর অপেক্ষায় থাকা নিয়ম কি এবার আলো দেখবে?

Share via
Copy link