আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নাম কাটা গেছে শামীম হোসেন পাটোয়ারির। ব্যাটে রান না থাকাটা যার পেছনের কারণ। তবে এই বাদ পড়াটা একটা শঙ্কা জাগিয়েছে তাঁর ক্যারিয়ারে। তবে কি একেবারেই শেষ সবকিছু? ফেরার রাস্তা আবারও খুঁজে পাবেন তো তিনি!
হাতে জোর আছে, আনঅর্থডক্স সব শট তাঁর আয়ত্তে। তাই তো টি-টোয়েন্টি দলে শামীম পাটোয়ারিকে নিয়ে চর্চাটা একটু বেশিই ছিল। বিশেষ করে ফিনিশারের ভূমিকায় তাঁকে ভাবা হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারী।
তবে শামীম আস্থার প্রতিদানটা দিতে পারেননি। দুই একবার নিজের ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাবটা ভুগিয়েছে তাঁকে। সেটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

এবছরের পরিসংখ্যানে তাকালে বাদ পড়ার কারণটা আরও পরিষ্কার হবে। ২৪ ম্যাচ খেলে করেছেন মাত্র ২৬১ রান। ব্যাটিং গড়টা ১৫.৩৫। মারমুখি ব্যাটারের তকমা পেলেও তাঁর স্ট্রাইক রেট ছিল ১২১.৩৯। শেষ পাঁচ ইনিংসে ৩০ এর ঘরে প্রবেশ করেছেন মোটে একবার, বাকি চার ইনিংসে রান সংখ্যার যোগফল মোটে দুই।
এমন পারফরম্যান্সের পর তাঁর বাদ পড়াটা ছিল সময়ের ব্যাপার। অবশ্য আগেও একবার ধারাবাহিকতার অভাবে বাদ পড়তে হয়েছিল দল থেকে, তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজাড় করে দেন। ভালো পারফরম্যান্সের দরুন দুয়ার খুলে যায় তাঁর, সাথে অন্যদের ব্যর্থতায় আবারও ফিরে আসেন জাতীয় দলে।
নতুন করে আরো একবার কাটা গেল তাঁর নাম। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ক্যারিয়ারে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে আর কোন সিরিজ নেই বাংলাদেশের সামনে। তাই তো প্রশ্ন আসে, বিশ্বকাপের দরজাটাও কি তাঁর জন্য বন্ধ হয়ে গেল?

অবশ্য ফেরার জন্য একটা মঞ্চ তিনি পাবেন, সামনে যে বিপিএল। ঠিকঠাকভাবে এই শেষ সুযোগটা কাজে লাগাতে পারলে অন্ততপক্ষে একটা আশার আলো তিনি ঠিকই পাবেন। আর যদি না পারেন, তবে আবারও জাতীয় দলে ফেরাটা তাঁর জন্য কষ্ট সাধ্যই হবে।










