বাইশ গজে ভিডিও গেম খেললেন ঈশান!

বাস্তব নাকি ভিডিও গেম বোঝার যেন কোন উপায় নেই। খর্বশক্তির নামিবিয়াকে সামনে পেয়ে ঈশান কিষাণ মেতে উঠলেন শক্তি প্রদর্শনের উন্মত্ত আনন্দে। 

টানা চার ছক্কা, এরপর এক চার- ঈশান কিষাণ পৌঁছে গেলেন ৫০ রানের মাইলফলকে। বাস্তব নাকি ভিডিও গেম বোঝার যেন কোন উপায় নেই। খর্বশক্তির নামিবিয়াকে সামনে পেয়ে ঈশান কিষাণ মেতে উঠলেন শক্তি প্রদর্শনের উন্মত্ত আনন্দে।

ঈশান কিষাণের ইনিংসের স্থায়িত্বকাল এদিন ছিল মাত্র ২৪ বল। এই ২৪ বলে বারংবার তাকাতে হয়েছে আকাশের পানে। তিনি ছক্কা হাঁকিয়েছেন পাঁচখানা। আরও ছয় বাউন্ডারির উচ্ছ্বাসে প্রতিটা সময় উদ্দীপনায় কেটেছে অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকদের। বিনোদনের পরিপূর্ণ খোরাক মিটিয়ে গেছেন বা-হাতি এই ব্যাটার।

এক প্রকার দৈব্যচক্রেই বিশ্বকাপ খেলতে এসেছেন ঈশান কিষাণ। সব কিছু ঠিকঠাক চললে তার বিশ্বকাপ খেলার কথাই ছিল না। বরং ভারতের ওপেনিংয়ে দেখা যেত শুভমান গিলকে। কিন্তু সেই শুভমানকে হটিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন ঈশান কিষাণ। কিন্তু  জায়গা পেলেই তো কাজ শেষ হয়ে যায় না।

নিলাভ আকাশের নিচে খুঁটি গেড়ে বসে দেখতে হয় নক্ষত্রদের মেলায় মিলিয়ে যাওয়া। সে কাজটাই যেন ঈশান এদফা করতে চান যেকোন মূল্যে। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর এই নিয়ে চারবার তিনি পেরিয়েছেন পঞ্চাশ রানের গণ্ডি। একটি শতকের দেখাও তিনি পেয়ে গেছেন ইতোমধ্যে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গা গরমের ম্যাচটায় করা ৫৩ রান বাদ দিলে, তিনি মোট ম্যাচ খেলেছেন ছয়টি।

এই ছয় ইনিংসেই তার সংগ্রহ ২৯৬ রান। স্ট্রাইকরেট দেখলে চক্ষু রীতিমত হবে চড়কগাছ। ২২২.৫৫ স্ট্রাইকরেটের ধারাবাহিকতাই তিনি বজায় রাখলেন নামিবিয়ার বিপক্ষেও। ২৫৪.১৯ স্ট্রাইকরেটে তিনি ২৪ বলে করেছেন ৬১ রান। যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে-তে পঞ্চম সর্বোচ্চ রানের রেকর্ডটাও গড়ে ফেলেছে ভারত।

নামিবিয়ার বিপক্ষে প্রথম ছয় ওভারে ভারত তুলেছে ৮৬ রান। যার সিংহভাগ, অর্থাৎ ২০ বলে ৫০ রান করেছেন ঈশান কিষাণ। তিনি যে অদম্য ছন্দে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন মনের আনন্দে, তাতে মনে হয়েছিল বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরিটা তিনি করেই ফেলবেন। কিন্তু শেষ অবধি আর হয়নি তা।

কিন্তু প্রতিটা মুহূর্তে তিনি প্রমাণ করে যাচ্ছেন, এবারের প্রত্যাবর্তন তিনি কোনভাবে ক্ষনস্থায়ী হতে দেবেন না। পুরনো সব গ্লানি, ব্যর্থতা ও বিশৃঙ্খলাকে তিনি পেছনে ফেলে এগিয়ে যেতে চান রুপালির আলোর কেন্দ্রের দিকে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link