শচীনের পথে এগিয়ে জয়সওয়াল!

ক্যারিয়ারের শুরতেই গ্রেট শচিন টেন্ডুলকারের পথ অনুসরণ করছেন, এমনকি কিছু ক্ষেত্রে জয়সওয়াল ছাড়িয়ে গেছেন স্বয়ং টেন্ডুলকারকেও। চলুন দেখে নেওয়া যাক, শুরুর ৪৭ ইনিংসে কার পরিসংখ্যান ভারি! 

ভারতের ক্রিকেটে নতুন এক গল্প লিখছেন যশস্বী জয়সওয়াল। বয়স মাত্র ২৩, কিন্তু তার ব্যাটে যে পরিপক্বতা, যে দৃঢ়তা—তা এক অন্যরকম বার্তা দিচ্ছে। ক্যারিয়ারের শুরতেই গ্রেট শচিন টেন্ডুলকারের পথ অনুসরণ করছেন, এমনকি কিছু ক্ষেত্রে জয়সওয়াল ছাড়িয়ে গেছেন স্বয়ং টেন্ডুলকারকেও। চলুন দেখে নেওয়া যাক, শুরুর ৪৭ ইনিংসে কার পরিসংখ্যান ভারি!

৪৭ ইনিংস শেষে যশস্বী জয়সওয়ালের সংগ্রহ ২২৪৫ রান, গড় ৪৯.৮৯। সমান ইনিংসে শচীনের রান ২১৪২, গড় ৫১। মানে, রানসংখ্যায় এগিয়ে জয়সওয়াল, তবে গড়ে খানিকটা পিছিয়ে। তবুও, ২৩ বছরের এই তরুণের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। যেভাবে তিনি প্রথম থেকেই নিজের ছাপ রাখছেন, তাতে বোঝা যায়—এই লড়াই কেবল সংখ্যার নয়, এটা সময়েরও পরীক্ষা।

দেশের মাটিতে জয়সওয়ালের ব্যাট যেন রীতিমতো অগ্নিমূর্তি। ২০ ইনিংসে করেছেন ১১২৭ রান, গড় ৫৯.৩২। শচীনের একই ইনিংসে রান ১০৮৯, গড় ৬৪.০৬। গড়ে খানিকটা এগিয়ে শচীন, তবে রানসংখ্যায় জয়সওয়াল এগিয়ে ৩৮ রানে।  নিজের ঘরের মাঠে শচীন ছিলেন অনন্য, কিন্তু এই প্রজন্মে সেই আলো ছড়িয়ে দিচ্ছেন জয়সওয়ালও।

বিদেশের মাটিতেও জয়সওয়াল যেন আরও পরিণত। ২৭ ইনিংসে করেছেন ১১১৮ রান, গড় ৪৩। শচীনের গড় ৪২.৬৮, রান ১০৬৭। অর্থাৎ, বিদেশের মাটিতেও সামান্য এগিয়ে জয়সওয়াল। এই পরিসংখ্যানই বলে দেয়, কেবল ঘরের মাঠে নয় , বিশ্বমঞ্চেও তিনি নিজের নামটা বড় অক্ষরে লিখতে শুরু করেছেন।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সেনা দেশগুলোতেও  দুজনের তুলনাটা বেশ জমজমাট। শচীন যখন মাত্র ১৭ বছর বয়সে এই চার দেশে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন, তাঁর ব্যাটিং গড় ছিল ৪৯.৩৬। জয়সওয়ালেরও সমান সংখ্যক সেঞ্চুরি আছে, কিন্তু গড় কিছুটা কম—৪৭.৪০। তবে, সংখ্যায় কাছাকাছি হলেও শচীনের মানসিক দৃঢ়তা, প্রতিপক্ষের মান আর পরিস্থিতির ভয়াবহতা তাকে এখনো আলাদা উচ্চতায় রেখেছে।

সবশেষে, হিসেবের খাতায় জয়সওয়াল এগিয়ে আছেন কিছুটা, সময়ের বিচারে তিনি ভারতের ভবিষ্যতের আশা। কিন্তু শচীন টেন্ডুলকার ছিলেন এক যুগের প্রতীক—যেখানে কীর্তি কেবল রানসংখ্যায় নয়, বরং সময়ের পরীক্ষায়। তবু, জয়সওয়ালের এই অভিযাত্রা ইঙ্গিত দিচ্ছে, হয়তো ভারত আবারও পাচ্ছে নতুন  কোন তারার দেখা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link