বেশ ভিন্ন ভাবেই প্রায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসল বগুড়ায়। ম্যাচ শেষ হয়েও হল না শেষ। আলোক স্বল্পতায় একটু আগেভাগেই দুই দলকে ছাড়তে হল শহীদ চান্দু স্টেডিয়াম। সেখানে ডাকওয়ার্থ লুইস মেথডে পাঁচ রানের ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
আফগানদের বিপক্ষে লড়াইটা সহজ ছিল না। আফগানরা নয় উইকেট হারিয়ে করেছিল ২৬৫ রান। ইকবাল হোসেন ইমন নেন পাঁচটি উইকেট। ১৩৭ বলে ১৪০ রান করে উজাইরুল্লাহ নিয়াজাই স্কোরটা আরও বড় করার পথেই ছিলেন। কিন্তু, টেল এন্ডারদের কাছ থেকে পর্যাপ্ত রান না আসায় স্কোর বড় হয়নি সফরকারীদের। রিজান হোসেন নেন দুই উইকেট।

ব্যাট হাতেও সেই ধারাবাহিকতা রাখেন রিজান। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও, এই ভিত্তিটা গড়ে দেন কালাম সিদ্দিকী অলিন। ৬০ রানে তিন উইকেট হারানোর পরও দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে আজিজুল হাকিম তামিমের দল।
১০০ রান করে কালাম আউট হয়ে যান। ১১৯ ডেলিভারির ইনিংসে ছিল ১১ টি চার। যদিও, ঠায় উইকেটে টিকে ছিলেন রিজান। ৪৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল চার উইকেটে ২৩১। এরপর সূর্যের আলো কমে আসায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

বগুড়ায় ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। তাই, আম্পায়ারদের সিদ্ধান্তই মেনে নেয় দু’দল। জয় দিয়েই সিরিজ শুরু করতে পারে বাংলাদেশ। দীর্ঘদিন পর ভিনদেশি কোনো দলের সাথে এই মাঠে খেলতে নামে বাংলাদেশ দল। দর্শকরা অবশ্য নিজেদের ফোনের ফ্লাশ লাইট জ্বালিয়ে খেলা চালানোর আহবান জানিয়েছিলেন, বোঝাই যায় ঢাকার বাইরে আজও দেশের ক্রিকেটের বিস্তর দর্শক।










