আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তার ঘনঘটা। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তার ক্যারিয়ার এখন ধূসর ধুলোয় ঢাকা পড়েছে। এমনকি প্রধান নির্বাচক অজিত আগরকারও কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না।
চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার ভারতের জার্সিতে মাঠে নামেন কোহলি। টানা দ্বিতীয়বারের মত ভারতের আইসিসি শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু সেই সাফল্যের পর হঠাৎ করেই আড়ালে চলে যান কোহলি। আইপিএল ২০২৫–এর ফাইনালে খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। তাই তো সবার মনে উঁকি দিচ্ছে একটা ভয়, বিরাট কোহলিকে একেবারে হারিয়ে ফেলার ভয়।
ভারতীয় গণমাধ্যম রেভস্পোর্টজ জানিয়েছে, বোর্ডের ভেতরে কোহলিকে ঘিরে এখন নৈরাশ্য কাজ করছে। কারণ, কোহলির সঙ্গে যোগাযোগের সঠিক সেতুবন্ধন নাকি তৈরি হয়নি। অন্যদিকে সম্প্রতি ঘোষিত ভারত ‘এ’ দলে জায়গা পাননি তিনি কিংবা রোহিত শর্মা—যা আরও জোরালো করেছে গুঞ্জন। বোর্ড চেয়েছিল, অস্ট্রেলিয়া সফরের আগে কানপুরে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুজনই খেলুক, যাতে প্রস্তুতি সেরে নেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত দুজনের নামই বাদ পড়ে।

তবে কোহলি এবং রোহিত দুজনই মৌসুম শুরুর আগে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ মাঠে নামার জন্য আর কোনো বাধা নেই যদি বোর্ড থেকে ডাক আসে। তবুও নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্ট কারও কাছেই নেই তাদের পরবর্তী পরিকল্পনার স্পষ্ট উত্তর।
অবশ্য এর আগেও গুঞ্জন উঠেছিল, অস্ট্রেলিয়া সফরই হতে যাচ্ছে কোহলি-রোহিতদের আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ী মঞ্চ। দুজনেই টি–টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন আগেই, ছেড়েছেন সাদা পোশাকের মায়াও। এবার বাকি কেবল ওয়ানডে ফরম্যাট। তবে কি এবার রঙিন আলোটাও বিলীন হয়ে যাবে?
ভারত এখন তারুণ্যের খোঁজে ছুটছে। পুরাতনদের যে বিদায় ঘণ্টা বেজে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি রোহিত কিংবা কোহলির বয়সটাও বারবার মনে করিয়ে দিচ্ছে সময় যে শেষের পথে। ওয়ানডে বিশ্বকাপ আসতে বাকি এখনও দুই বছর, ততদিন পর্যন্ত নিজেদের টিকিয়ে রাখাটা বড্ড কঠিন এই দুই মহারথীর জন্য।

তাই তো অক্টোবরে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজটাই নির্ধারণ করে দেবে বিরাট-রোহিতদের ভবিষ্যৎ। হয়তো লেখা হয়ে যাবে এই দুই কিংবদন্তির ক্যারিয়ারের এপিটাফ।











