কেকেআরের অধিনায়ক হবেন লোকেশ রাহুল

এই অবস্থায় নতুন কোচ অভিষেক নায়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, দলটাকে ভেতর থেকে বদলে দিতে চান তিনি। নায়ারের সঙ্গে রাহুলের ব্যক্তিগত সম্পর্কও বেশ দৃঢ়, যা এই সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে।

আইপিএলের মঞ্চে আবারও শুরু হয়েছে দলবদলের গুঞ্জন। দিল্লী ক্যাপিটালসের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য সাঞ্জু স্যামসন এক্সচেঞ্জের খবর যখন ক্রিকেট মহলে রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই নতুন এক বোমা ফাঁটল। কলকাতা নাইট রাইডার্স এবার নজর দিয়েছে ভারতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলের দিকে।

শোনা যাচ্ছে, কেকেআর ২০২৬ মৌসুমের আগে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। অন্ধকারাচ্ছন্ন এক মৌসুম পেরিয়ে এসেছে তারা—২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ৫ জয়, টেবিলের অষ্টম স্থানে থেকে বিদায়। যে দলের হাতে একসময় ট্রফি ঝলমল করত, সেখানে এখন হতাশা গ্রাস করেছে।

এমন প্রেক্ষাপটেই লোকেশ রাহুলের নাম উঠে এসেছে কলকাতার চিন্তাভাবনায়। রাহুলের ২০২৫ মৌসুম ছিল উল্লেখযোগ্য—দিল্লী ক্যাপিটালসের হয়ে ১৩ ম্যাচে ৫৩৯ রান, গড়ে ৫৩.৯, স্ট্রাইক রেট ১৪৯.৭২, সঙ্গে তিনটি হাফসেঞ্চুরি ও এক সেঞ্চুরি। ওপেনার বা মিডল অর্ডার—দুই ভূমিকাতেই দাপট দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

কিন্তু, প্রশ্ন হল দিল্লী এবার তাঁকে ছেড়ে দিতে রাজি হবে কি? কেকেআরের জন্য এটা কেবল ব্যাটার খোঁজার প্রশ্ন নয়; এটা নেতৃত্ব সংকটের সমাধান খোঁজার চেষ্টা। শ্রোয়াস আইয়ারকে ছেড়ে দেওয়ার পর দলটা যেন নিজের চরিত্র হারিয়েছে। আইয়ারকে এবার পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় কিনে নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। অন্যদিকে কেকেআর সেই জায়গা পূরণে আস্থার প্রতীক খুঁজে পায়নি।

আজিঙ্কা রাহানের নেতৃত্বে গত মৌসুমটা যেন এক ক্লান্ত অধ্যায়। পুরোনো স্টাইল, ধীর সিদ্ধান্ত, মাঠে আগুন ঝরানোর মানসিকতার অভাব—সব মিলিয়ে ব্যর্থ এক অভিযান। এমনকি ব্যাট হাতে কুইন্টন ডি ককের ফর্মও ভয়াবহ; ৮ ম্যাচে মাত্র ১৫২ রান! ফলে উইকেটরক্ষক ব্যাটার পজিশনেও দেখা দিয়েছে ঘাটতি।

এই অবস্থায় নতুন কোচ অভিষেক নায়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, দলটাকে ভেতর থেকে বদলে দিতে চান তিনি। নায়ারের সঙ্গে রাহুলের ব্যক্তিগত সম্পর্কও বেশ দৃঢ়, যা এই সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে।

তবে দিল্লী, ক্যাপিটালস কেন রাহুলকে ছাড়বে—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, কেকেআর তাদের বড় তারকা রিঙ্কু সিং বা তরুণ প্রতিভা অঙ্কৃষ রঘুবংশী—কাউকেই ছাড়তে রাজি নয়। অভিজ্ঞ আন্দ্রে রাসেল আর সুনীল নারাইন বহু বছর ধরে দলের অবিচ্ছেদ্য অংশ, তাদের ক্ষেত্রেও ট্রেডের সম্ভাবনা নেই। ফলে দিল্লীর সঙ্গে সমান দামে পাল্টাপাল্টি চুক্তির পথ আপাতত জটিলই রয়ে গেছে।

Share via
Copy link