পায়ের নিচের মাটি খুঁজে পেতে শুরু করেছেন মুমিনুল হক সৌরভ। ছয় ইনিংস পর পেয়েছেন হাফ সেঞ্চুরি। এবার সেই ইনিংসকে পূর্ণতা দেওয়ার পালা। অপেক্ষা কেবল আর ২০ টি রানের।
চলতি বছর আটটি টেস্ট ইনিংস খেলেছেন সাবেক এই অধিনায়ক। সেখানে প্রতিবারই কম বেশি সুযোগ পেয়েছেন ইনিংস বড় করার। প্রতিটা ম্যাচেই ভাল শুরু পেয়েছেন, দুই অংকের নিচে কখনও আউট হননি। কিন্তু, মাত্র দু’বার সেখান থেকে হাফ সেঞ্চুরি বের করতে পেরেছেন। বড় ইনিংস খেলার শেকল ছিড়তে পারছেন না তিনি। সিলেটে কি পারবেন? সিলেটের সকাল মুমিনুলের ১৪ তম সেঞ্চুরি দেখার অপেক্ষায় থাকবে।

সর্বশেষ মুমিনুল সেঞ্চুরি করেছিলেন ১৭ ইনিংস আগে। ২০২৪ সালে ভারতের কানপুরে গিয়েছিলেন তিন অংকের ম্যাজিকাল ফিগারে। এরপরের বাকিটা সময় ক্ষরা। এমন সময় আগেও কাটিয়ে উঠেছেন মুমিনুল। এবারও পেরে গেলে সিলেটের ইনিংসটাকে নি:সন্দেহে মনে থাকবে মুমিনুলের।
মুমিনুলকে প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষ ভোগাতে পেরেছে খুব সামান্যই। দারুণ সব স্ট্রোক খেলেছেন। ৮০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। মাহমুদুল হাসান জয়ের সাথে ১৭০ রানের অপরাজিত জুটি গড়ে আইরিশদের বুকে পাহাড় সমান চাপ বাড়িয়েছেন।

মুমিনুলের বয়স এখন ৩৪। ব্যাটে রান থাকলেও বছর পাঁচেকের বেশি হয়ত জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন না, এর আগে ব্র্যাডম্যানিয় গড়টাকে ফিরিয়ে আনার জন্য বড় এই সব ইনিংস খুবই জরুরী তাঁর জন্য।










