স্টার্কের বজ্রপাত থামছে না!

টি-টোয়েন্টির ময়দানে আর দেখা যাবে না সেই ঝড়ো দৌড়, দেখা যাবে না স্টাম্প ভাঙা হাসি। তবু টেস্টের সবুজ মঞ্চে, অ্যাশেজের তপ্ত দুপুরে, কিংবা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে—মিশেল স্টার্ক থাকবেন অস্ট্রেলিয়ার বুকে ভরসার নাম হয়ে। 

মিশেল স্টার্কের বল হাতে দৌড় ছিল বজ্রপাতের মতো। নতুন বলে হুহু করে ঢুকে আসা ইনস্যুইঙ্গার, আর শেষে বিদায়ের ঘণ্টা বাজানো নিখুঁত ইয়র্কার। সেই বজ্রের ছায়া নামল আরেকটি অধ্যায়ে। বিদায় জানালেন তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে।

৩৬-এর দোরগোড়ায় দাঁড়ানো এই বাঁ-হাতি পেসার স্পষ্ট বলে দিলেন, ‘টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার। সামনে ভারতের মাটিতে সিরিজ, অ্যাশেজ, আর ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ—সেই লড়াইগুলোতেই চাই নিজেকে সতেজ, ফিট রাখতে। খেলতে চাই সেরাদের সেরা হয়ে।’

ব্যস, এক সমৃদ্ধ যাত্রার পরিসমাপ্তি হয়ে গেল। অজি জার্সি গায়ে চাপিয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন ৬৫টি ম্যাচ। নিয়েছেন ৭৯ উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রানে চার উইকেট।

আর সবচেয়ে বড় অর্জন ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়কদের একজন তিনি। সে বিশ্বকাপেই প্রতিপক্ষ ব্যাটারদের ভেঙে দিয়েছিলেন শুরুতে আর শেষের ওভারগুলোয়। হয়তো সংখ্যায় তিনি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার ১৩০ উইকেট থেকে পিছিয়ে, তবুও দ্রুততম বল আর ধ্বংসাত্মক স্পেলের জন্য অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রভাবশালী পেসার তিনিই।

মিশেল স্টার্কের এই সিদ্ধান্তটাই এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন এক প্রবণতা। স্টার্কের এই সিদ্ধান্ত যেন এক স্রোতের অংশ। এর আগেই ডেভিড ওয়ার্নার বিদায় বলেছেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে। ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়িনিস। প্যাট কামিন্স অধিনায়ক হয়েও ওয়ানডে খেলছেন একদম বেছে বেছে।

টি-টোয়েন্টি থেকে সরে গেলেও স্টার্কের লড়াই থেমে থাকছে না। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে, বিশেষত আইপিএলে, তিনি ফিরেছেন নতুন জৌলুস নিয়ে—গত দুই মৌসুমে ৬.৫ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান ডলার উপার্জন করেছেন।

সেসব রঙিন যাত্রা কোনোভাবেই টেস্টের আগুন কমায়নি তাঁর। এ বছরই নিজের ১০০ তম টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪০০ তম শিকার—যেন প্রমাণ করে দিলেন, লাল বলেই এখন তার আসল দিগন্ত।

তারপরও ছোট ফরম্যাটের বিধ্বংসী স্টার্কের স্মৃতি চোখে ভাসবে বারবার। টি-টোয়েন্টির ময়দানে আর দেখা যাবে না সেই ঝড়ো দৌড়, দেখা যাবে না স্টাম্প ভাঙা হাসি। তবু টেস্টের সবুজ মঞ্চে, অ্যাশেজের তপ্ত দুপুরে, কিংবা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে—মিশেল স্টার্ক থাকবেন অস্ট্রেলিয়ার বুকে ভরসার নাম হয়ে।

Share via
Copy link