মোহাম্মদ নাওয়াজ হতে পারেন পাকিস্তানের তুরুপের তাস। সেই ২০২২ সালের স্মৃতি আবারও ফিরিয়ে আনতে পারেন পাকিস্তানি এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে নাওয়াজের ব্যাটিং-বোলিং গড়ে দিতে পারে পার্থক্য।
২০২২ সালে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান লড়াইয়ে পাকিস্তান হেরেছিল। সেই প্রতিশোধ তারা নিয়েছিল সুপার ফোরের মঞ্চে। প্রায় একই দৃশ্যপট মঞ্চস্থ হওয়ার অপেক্ষা। তবে মোহাম্মদ নাওয়াজকে আরও একটিবার এগিয়ে আসতে হবে সেজন্য।
২০২২ সালে সুপার ফোরের ম্যাচে ১৮২ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছল ভারত। মোহাম্মদ নাওয়াজ যখন ব্যাটিংয়ে এলেন তখন পাকিস্তানের রান ৬৩ দুই উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা চলমান। তখন জয় বহুদূরের পথ। সেই দূরের পথটা কাছে এনে দিতে চাইলেন মোহাম্মদ নাওয়াজ।

শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলকে বাউন্ডারি ছাড়া করে নিজের ইচ্ছের জানান দেন তিনি। সেটি ছিল তার খেলা ইনিংসের দ্বিতীয় বল। পরের বলেই হার্দিক পান্ডিয়ার বলকে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান নাওয়াজ। তার উদ্দেশ্য আরও স্পষ্ট করেন তিনি। শেষ অবধি ছয়টি চার ও দুইটি ছক্কায় ৪২ রান করে আউট হন তিনি।
এ জন্য খরচ করেন মাত্র ২০টি বল। ইনিংসের ১৬ তম ওভারে তিনি আউট হন, দলের সংগ্রহ তখন ১৩৬। তার ওই ধুন্ধুমার ব্যাটিং পাকিস্তানকে জুগিয়েছিল আত্মবিশ্বাস। জয়ের লড়াইয়ে শেষ অবধি ভারত হয়েছিল পরাজিত। এছাড়াও বল হাতে চার ওভারে ২৫ রানের বিনিময়ে একটি উইকেট বাগিয়েছিলেন নাওয়াজ।
সে কারণে ম্যাচ সেরার পুরষ্কারও বাগিয়েছিলেন তিনি। মাঝে কেটে গেছে তিন বছর। এখনও পাকিস্তান দলে সমান গুরুত্বপূর্ণ এক চরিত্র মোহাম্মদ নাওয়াজ। আরও একবার ভারত-পাকিস্তান দ্বৈরথে তিনি পারবেন কি নেতৃত্ব দিতে পাকিস্তানের জয়রথ?












