মোহাম্মদ নাওয়াজ, পাকিস্তানের আঁধার চেড়া রোশনাই

ত্রিদেশীয় সিরিজ সেরার মুকুট উঠল পাকিস্তানের মাথায়। একেবারে মোক্ষম সময়ে কঠিন এক ফাইনাল জিতল পাকিস্তান। কাটবে কি তাদের শিরোপা খরা? 

লেফ বিফোর, কট বিহাইন্ড ও স্ট্যাম্পিং- মোহাম্মদ নাওয়াজের তিন বলে মুহূর্তের মধ্যে বদলে গেল সবকিছু। এমনটাই হয় আসলে। যখনই পাকিস্তানকে গণনার বাইরে ছুড়ে ফেলা হয়, তখনই পাকিস্তান বাউন্স ব্যাক করে প্রবলভাবে। চারিদিকে যখন ঘন কালো আধার তখনই সেই আধার চিড়ে পাকিস্তানের রোশনাই হয়ে হাজির হয়ে যান মোহাম্মদ নাওয়াজের মত কেউ কেউ।

আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় ফাইনালে আফগানিস্তানের জয়ের সম্ভাবনার পাল্লা ছিল ভারি। কেননা ফাইনালের আগে এই দুই দলের দেখায় তো আফগানরাই পেয়েছিল জয়ের স্বাদ। আফগানিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে পাকিস্তান হয়েছিল কুপোকাত।

এরপর ফাইনালের মঞ্চেও সেই একই দশার পুনরাবৃত্তি। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ৭২ রানেই নেই পাঁচ উইকেট। ওই সেই রাশিদ খানের ছলনাময়ী ঘূর্ণিতে ফখর জামান, হাসান নাওয়াজ ও আঘা সালমান সাজঘরে। এমন পরিস্থিতিতে স্বল্প সংগ্রহই যেন মন্দের ভাল। ১৪১ রান তুলল পাকিস্তান তাদের স্কোরবোর্ডে।

ব্যাট হাতে মোহাম্মদ নাওয়াজের অবদান ২১ বলে ২৫ রান। বিপর্যয়ের মুখে এমন ইনিংস যেন মান বাঁচায়। এই স্বল্প রান আফগানরা যাবে সহজেই টপকে। ইব্রাহিম জাদরান রয়েছেন রানের ধারায়, নিজের খোলস ছেড়ে বেড়িয়ে এসেছেন সেদিকুল্লাহ অটল। আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাতরা তো কার্যকর ক্যামিও খেলতে ওস্তাদ। তাদের জন্যে ১৪২ রান খুব একটা বেশি না।

কিন্তু ক্রিকেট দুনিয়ায় একটা কথার প্রচলন আছে- ‘আনপ্রেডিক্টেবল পাকিস্তান’। পাকিস্তানকে জয়ের সমীকরণের বাইরে রাখা যাবে না কোন ভাবেই, পরিস্থিতি যতই বিরুপ হোক। এবারও ঘটল তাই। হুট করেই দু’হাত প্রসারিত করে আধার চেড়া রোশনাই হয়ে হাসান নাওয়াজ হাজির।

দুই ওভার মিলিয়ে করলেন হ্যাটট্রিক। এছাড়াও নিলেন আরও দুইটি উইকেট। আফগানদের পোক্ত মিডল অর্ডারে রীতিমত ঘূর্ণিঝড় চলল। তাতে লণ্ডভণ্ড আফগানদের জয়ের সকল সম্ভাবনা। ত্রিদেশীয় সিরিজ সেরার মুকুট উঠল পাকিস্তানের মাথায়। একেবারে মোক্ষম সময়ে কঠিন এক ফাইনাল জিতল পাকিস্তান।

সামনেই এশিয়া কাপ। সেই ২০১৭ সালের পর আর কোন বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ এশিয়া কাপটা জিতেছিল ২০১২ সালে বাংলাদেশকে হারিয়ে। ২০২২ এশিয়া কাপে তারা ছিল শিরোপা জেতার অন্যতম দাবিদার। ভারতকে দশ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করা পাকিস্তান ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে, ওই যে আনপ্রেডিক্টবল পাকিস্তান।

কিন্তু আরও একটি এশিয়া কাপের আগে অম্ল-মধুর অভিজ্ঞতা পাকিস্তানকে নিজেদের উপর আরেকটু বাড়তি ভরসা করার সুযোগ দেবে। এবারের এশিয়া কাপের শিরোপা জয়ের দাবিদার সংগত কারণেই ভাবা হচ্ছে ভারতকে। পাকিস্তানের নাম যেন ভুলেও মুখে আনছে না কেউ। এমন সব মুহূর্তেই তো পাকিস্তান জিতেছে শিরোপা। কাটবে কি তাদের শিরোপা খরা?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link