শিরোপা জিতলেই শ্যাম্পেনের বোতল খুলে উদযাপন করা যেন ঐতিহ্য। ভারতও সেটার ব্যতিক্রম হয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর পোডিয়ামে শ্যাম্পেন নিয়ে উদযাপনে মেতে উঠেছিল তাঁরা। তবে একজন ছিলেন না সেখানে, তিনি মোহাম্মদ শামি; নিজের শরীরে এই পানীয়ের ছোঁয়া লাগতে দেননি তিনি।
প্রথমে পোডিয়ামে দলের সবার সঙ্গেই ছিলেন এই পেসার, কিন্তু শ্যাম্পেনের বোতল খোলা শুরু হতেই দৌড় দিয়ে পাশে সরে যান তিনি। এরপর আবার শ্যাম্পেন শেষ হলে ফিরে আসেন, যথারীতি বাকিদের সঙ্গে আনন্দে মাতেন।
সেসময় কেউ খেয়াল না করলেও ক্যামেরায় ঠিকই বন্দি হয়েছে এই ক্রিকেটারের মুহূর্তখানি। আর ভিডিওটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি, দ্রুত সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

টুর্নামেন্ট চলাকালে অবশ্য রোজা রাখা, না রাখা নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন শামি। ম্যাচের দিন তাঁকে তরল পানীয় পান করতে দেখা গিয়েছিল। এরপরই দর্শকদের মাঝে সৃষ্টি হয় দু’পক্ষ, কেউ তাঁকে ব্যঙ্গ করেছেন ধর্মকে গুরুত্ব না দেয়ায় আবার কেউ তাঁর প্রশংসা করেছেন দেশকে অগ্রাধিকার দিয়েছেন এই বিবেচনায়। তবে ব্যক্তি জীবনে তিনি যে ধর্মীয় অনুশাসন মেনে চলেন সেটা নিয়ে অন্তত সংশয় থাকার কথা নয় কারো।
এই ডানহাতি এবারই প্রথম জাতীয় দলের হয়ে বৈশ্বিক কোন শিরোপা জিতেছেন। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি, ওয়ানডে বিশ্বকাপ তো হাতের মুঠো থেকে হারিয়েছেন। তবে সব আক্ষেপ মুছে গিয়েছে এবার।
এই তারকার সামনে আপাতত আইপিএল, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন তিনি। দলটার হয়ে এটাই তাঁর অভিষেক মৌসুম, পারফরম করার বাড়তি চাপ তাই থাকছেই।










