জয়ের হারে আইপিএলের সফল অধিনায়ক যারা

আইপিএলে অন্তত ৫০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া সফলতম নেতাদের নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন। 

আইপিএলের মঞ্চ মানেই গ্ল্যামার আর উত্তেজনার মিশেল, যেখানে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলে মস্তিষ্কের দাবা খেলা। আর এই খেলায় যারা সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হন, তাদের সাফল্য মাপা হয় জয়ের পরিসংখ্যানে। আইপিএলে অন্তত ৫০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া সফলতম নেতাদের নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • শেন ওয়ার্ন (৫৫.৩৬ শতাংশ)

আইপিএলের প্রথম আসরে অখ্যাত এক দলকে নিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন লেগ স্পিন জাদুকর শেন ওয়ার্ন। ৫৫ ম্যাচে ৫৬.৩৬ শতাংশ জয়ের হার নিয়ে তিনি এই তালিকার পঞ্চম স্থানে। রাজস্থান রয়্যালসের সেই অভাবনীয় যাত্রা এবং তরুণদের আত্মবিশ্বাস জোগানোর কারিগর হিসেবে ওয়ার্ন আইপিএল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

  • মহেন্দ্র সিং ধোনি (৫৮.৩৬ শতাংশ)

আইপিএলে সফল অধিনায়কদের কাব্যকথায় ধোনির নাম আসবে না, এ যেন কস্মিনকালেও সম্ভব না। চেন্নাই সুপার কিংসকে পাঁচবার শিরোপা জেতানো এই সর্বজয়ী অধিনায়কের জয়ের হার ৫৮.৩৬ শতাংশ। দুই দশকের কাছাকাছি সময় ধরে প্রায় আড়াইশ ম্যাচে তিনি এই অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছেন।

  • শচীন টেন্ডুলকার (৫৮.৮২ শতাংশ)

​ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার কেবল ব্যাট হাতেই নয়, নেতা হিসেবেও ছিলেন অত্যন্ত কার্যকরী। মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুর দিনগুলোতে ৫১ ম্যাচে অধিনায়কত্ব করে তিনি দলকে জিতিয়েছেন ৫৮.৮২ শতাংশ ম্যাচে। পরিসংখ্যান বলছে, তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক টি-টোয়েন্টি ফরম্যাটেও ছিল সমান প্রখর।

  • হার্দিক পান্ডিয়া (৫৯.০১ শতাংশ)

​তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হার্দিক পান্ডিয়া যেন এক জাদুর কাঠি নিয়ে এসেছিলেন অধিনায়কত্বে। ৬১ ম্যাচে তার জয়ের হার ৫৯.০১ শতাংশ। গুজরাট টাইটান্সের অভিষেক মৌসুমেই শিরোপা জিতিয়ে তিনি বিশ্বকে চমকে দিয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি তার আক্রমণাত্মক নেতৃত্ব আর ড্রেসিংরুমে ইতিবাচক আবহাওয়া তৈরির ক্ষমতা তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

  • শ্রেয়াস আইয়ার (৫৯.৩০ শতাংশ)

অবাক করা ব্যাপার হলো, আইপিএলে জয়ের শতাংশে সবচেয়ে এগিয়ে থাকা অধিনায়কের নাম শ্রেয়াস আইয়ার। ৮৬টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৯.৩০ শতাংশ জয়ের হার নিয়ে তিনি এখন অনন্য উচ্চতায়। দিল্লির ডারডেভিলস থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্স কিংবা পাঞ্জাব কিংস যেখানেই গিয়েছেন, দলকে শিখিয়েছেন জয়ের মন্ত্র। আইয়ারের শান্ত মেজাজ আর নির্ভুল পরিকল্পনাই তাকে আধুনিক আইপিএলের অন্যতম সেরা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link