এমএলএসে সবচেয়ে দামি দল এখন ইন্টার মিয়ামি

ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী স্পর্শে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ইন্টার মিয়ামির ভাগ্যবদল হয়েছে ব্যবসায়িক জগতেও। স্পোর্টিকোর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য - প্রথমবারের মতো মেজর লিগ সকারের সবচেয়ে দামি দলের তকমা এখন ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামির দখলে।

ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুকরী স্পর্শে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ইন্টার মিয়ামির ভাগ্যবদল হয়েছে ব্যবসায়িক জগতেও। স্পোর্টিকোর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য – প্রথমবারের মতো মেজর লিগ সকারের সবচেয়ে দামি দলের তকমা এখন ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামির দখলে।

গত ডিসেম্বর নিজেদের ইতিহাসে প্রথম এমএলএস কাপ জয়ের পর ক্লাবটির বাজারমূল্য এক লাফে বেড়েছে প্রায় ২২ শতাংশ। এর ফলে টানা চার বছর শীর্ষে থাকা এলএ এফসিকে পেছনে ফেলেছে মিয়ামি।

আমেরিকান ফুটবলের জনপ্রিয়তা যে আকাশচুম্বী হচ্ছে, তার প্রমাণ মিলছে দলগুলোর বাজার মূল্যে। বর্তমানে এমএলএস এর অন্তত পাঁচটি দলের বাজারমূল্য এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তালিকার প্রথমে থাকা মিয়ামির বাজারমূল্য ১.৪৫ বিলিয়ন ডলার। তারপরেই অবস্থান এত দিন ধরে শীর্ষে থাকা দল এলএ এফসি। যার বর্তমান বাজারমূল্য ১.৪ বিলিয়ন ডলার। তিনে থাকা এলএ গ্যালাক্সির মূল্য ১.১৭ বিলিয়ন ডলার। আটলান্টা ইউনাইটেডের বাজার মূল্য দাঁড়িয়েছে ১.১৪ বিলিয়ন ডলার। তালিকায় পাঁচ নম্বরে থাকা দল তথা নিউইয়র্ক সিটি এফসির মোট মূল্য ১.১২ বিলিয়ন ডলার।

বর্তমানে এমএলএসের ৩০টি ক্লাবের গড় মূল্য দাঁড়িয়েছে ৭৬৭ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। আর ২০২১ সালে স্পোর্টিকোর প্রথম এমএলএস মূল্যায়নের তুলনায় এই বৃদ্ধি প্রায় ৩৯ শতাংশ। সব মিলিয়ে লিগের ক্লাবগুলোর মোট সম্মিলিত মূল্য এখন প্রায় ২৩ বিলিয়ন ডলার।

চলতি মাসের ২২ তারিখেই শুরু হতে যাচ্ছে এমএলএস এর ২০২৬ সালের মৌসুম।  উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে এলএএফসি এবং ইন্টার মিয়ামি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link