মুস্তার ‘ব্যাড ডে এট দ্য অফিস’

বোলারের গুরুদায়িত্ব পালনে খানিকটা ছন্দচ্যুতি ঘটেছে টাইগার পেসার মুস্তাফিজের। তবুও শেষ হাসি তিনিই হেসেছেন। 

‘ব্যাড ডে এট দ্য অফিস’- মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এমনটাই হয়ত বলা যায়। বল হাতে হাফসেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে ঘুরে এসেছেন, দিয়েছেন ৪৭ রান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে দিনটা যে তার মোটেও ভাল কাটেনি। বোলারের গুরুদায়িত্ব পালনে খানিকটা ছন্দচ্যুতি ঘটেছে টাইগার পেসার মুস্তাফিজের। তবুও শেষ হাসি তিনিই হেসেছেন।

এদিনের শুরুটা অবশ্য খুব একটা খারাপ করেননি মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের স্কোরবোর্ডে রান ১৯৬। লড়াই করবার মত যথেষ্ট পুঁজি। এমন দিনে বেশ আগ্রাসী শুরু করবেন আবু ধাবি নাইট রাইডার্সের ব্যাটাররা, সেটাই তো প্রত্যাশিত। কিন্তু সেই আগ্রাসনে লাগাম টেনে ধরতে মুস্তাফিজ সক্ষম হয়েছিলেন নিজের প্রথম দুই ওভারে।

নতুন বল হাতে, ডেভিড উইলির সাথে জুটি বাঁধেন মুস্তাফিজ। বিশাল লক্ষ্যমাত্রায় মুস্তাফিজের প্রথম দুই ওভার থেকে স্রেফ ১৫টি রান নিতে পেরেছে আবু ধাবির টপ অর্ডার। মনস্তাত্ত্বিক চাপে তারা আরেকপ্রান্ত থেকে বল করতে থাকা উইলির শিকারের পরিণত হয়েছেন। ৩৬ রানে প্যাভিলিয়নে অ্যালেক্স হেলস ও শেরফান রাদারফোর্ড।

আবু ধাবির দুর্ধর্ষ ব্যাটিং লাইনআপ চাপে পড়ে যায় তখন থেকেই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন নাইট রাইডার্স ব্যাটাররা। এরপর ইনিংসের শেষভাগে মুস্তাফিজকে আবারও আনা হয় বোলিং প্রান্তে। এখান থেকেই মূলত দিন খারাপের শুরু। মুস্তাফিজের তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে তাকে স্বাগত জানান জেসন হোল্ডার। শেষ বলেও একটা ছক্কা এঁটে দেন, ওই ওভারে মুস্তাফিজের হজম ১৮ রান।

হোল্ডারের সাথে ব্যক্তিগত লড়াইয়ে মুস্তাফিজ পিছিয়ে যান নিজের চতুর্থ ওভারে। মুস্তাফিজের ছোড়া চার বলে দুই ছক্কা হাঁকিয়ে ১৪ রান জড়ো করে ফেলেন হোল্ডার। বরাবরই মুস্তাফিজ কো প্রতিক্রিয়া দেখাননা। তিনি প্রতিক্রিয়ার বদলে প্রতিশোধে বিশ্বাসী। সে কাজটাই করলেন, ওভারের পঞ্চম বলে তিনি প্যাভিলিয়নে ফেরান হোল্ডারকে।

সেখানেই বরং থমকে যায় আবু ধাবি নাইট রাইডার্সের জয়ের সমস্ত সম্ভাবনা। কেননা অধিনায়ক দেখাচ্ছিলেন বীরত্ব। তাকেই যে মুস্তাফিজ বানিয়েছেন নিজের শিকারে। এরপর অবশ্য অভিজ্ঞ আন্দ্রে রাসেল ম্যাচটা প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন দুবাইয়ের হাত থেকে। তবে শেষ অবধি আর মুস্তাফিজকে রাজ্যের বিষন্নতা নিয়ে মাঠ ছাড়তে হয়নি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link