৯ কোটি ২০ লাখ রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক। রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো মুস্তাফিজুর রহমানকে ঘিরে তাই আলোচনা তুঙ্গে। তবে নিলামে দল পাওয়ার আনন্দের মাঝেই তৈরি হয়েছে অনিশ্চয়তা—আইপিএলের পুরো আসরে কি খেলতে পারবেন তিনি?
কারণ, আইপিএল চলাকালীন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে, উত্তর সহজ — পুরো সময়টা তিনি কেকেআরকে দিতে পারবেন। বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স কমিটি জানিয়েছে, আট থেকে দশ দিনের জন্য তাঁকে দেশে ফিরতে হবে। খেলতে হবে ওয়ানডে সিরিজ। কেকেআর সেটা জেনেই ফিজের পেছনে বিপুল অংক খরচ করছে। নিলামের আগেই, কোন খেলোয়াড় কত দিনের জন্য অ্যাভেইলেবল আছেন, সেটা জানাতে হয় আইপিএল কর্তৃপক্ষকে।
বিষয়টি আরও স্পষ্ট করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি নিশ্চিত করেছেন, পুরো আইপিএলে থাকছেন না মুস্তাফিজ। ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘আইপিএল চলাকালীন আমাদের একটি সিরিজ আছে। সেই সময় ৮ থেকে ১০ দিনের জন্য আমরা তাকে ছাড়বো না। নিউজিল্যান্ড সিরিজে মুস্তাফিজ আমাদের দলে থাকবে।’

বিসিবির একটি সূত্রের দাবি, রেকর্ড পারিশ্রমিকের বিষয়টি বিবেচনায় নিয়ে মুস্তাফিজকে আংশিক ছাড় দেওয়ার ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজেই খেলবেন মুস্তাফিজ। ওয়ানডেতে বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ে অগ্রগতির ভাবনা আছে। তাই, মুস্তাফিজকে থাকতেই হবে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী মার্চে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা থাকলেও একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করতে চায় পিসিবি। ফলে সেই সিরিজ স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এপ্রিলেই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এর আগেই শুরু হবে আইপিএল। অর্থাৎ টুর্নামেন্ট চলাকালীনই ঢাকায় আসবেন কিউইরা।
টেস্ট থেকে বিরতি নিলেও সাদা বলের দুই সংস্করণে নিয়মিতই বাংলাদেশ দলের সদস্য মুস্তাফিজ। বোর্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী বিসিবি ডাকলে তাঁকে ফিরতেই হবে। এই বাস্তবতা মাথায় রেখেই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিয়েছে।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকলেও আইপিএলের মিনি নিলাম থেকে দল পেয়েছেন কিউইদের সাদা বলের আটজন নিয়মিত ক্রিকেটার। এর মধ্যে ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট খেলবেন মুস্তাফিজের সতীর্থ হিসেবে কলকাতায়। বাংলাদেশে সিরিজ খেলতে তাঁদের আশার সম্ভাবনাও খুব কম।










