সর্বোচ্চ দামে মুস্তাফিজের নতুন ঠিকানা কলকাতা

এ এক তুমুল লড়াই, বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ কেউ। রমরমা দর হাঁকানো হল বাংলাদেশের বা-হাতি পেসার মুস্তাফিজুরকে ঘিরে।

এ এক তুমুল লড়াই, বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ কেউ। ২ কোটি থেকে মুহূর্তের মধ্যে ৯ কোটি ২০ লাখ রুপি দাম উঠে যায় মুস্তাফিজুর রহমানের। রমরমা দর হাঁকানো হল বাংলাদেশের বা-হাতি পেসারকে ঘিরে। নিজের ভিত্তিমূল্যের চাইতে প্রায় সাড়ে চার গুণ বেশি দামে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাকে দলে নেওয়ার আগে জম্পেশ একটা লড়াই হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে।

মুস্তাফিজুর রহমান, নিজের প্রথম আইপিএল মৌসুমে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। বিদেশিদের মধ্যে প্রথমবার তিনি সেই পুরষ্কার নিজের করে নিয়েছেন। এরপর থেকে ধারাবাহিকভাবে তিনি খেলে গেছেন আইপিএলে। বেশ কিছু ফ্রাঞ্চাইজি বদলে ফেলেছেন তিনি ইতোমধ্যে। গত বছর নিলামে ছিলেন তিনি অবিক্রীত।

পরবর্তীতে তাকে বদলি হিসেবে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে চার উইকেট শিকার করা মুস্তাফিজ, ডেথ ওভারে দেখিয়েছিলেন নিজের মুন্সিয়ানা। এবারের মিনি নিলামে তিনি দল পাবেন, সেটা ছিল অনুমিত। কিন্তু সবারই ধারণা ছিল ভিত্তিমূল্যের কাছাকাছি কোন একটা দরে তাকে দলে নেবে কোন এক ফ্রাঞ্চাইজি।

সেই ভাবনা বদলে যায় চোখের পলকে। হুরহুর করে তার দাম বাড়তে থাকে মুস্তাফিজের। দিল্লি ক্যাপিটালস বিড করে মুস্তাফিজের জন্য। তাদের সাথে লড়াইয়ে নেমে পড়ে চেন্নাই সুপার কিংসও। দিল্লির ঝুলিতে ছিল না পর্যাপ্ত অর্থ। যার কারণে তারা লড়াইয়ে এক পর্যায়ে হার মেনে নেয়। কিন্তু তখনই দৃশ্যপটে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স।

যতক্ষণ সামর্থ্যে কুলায় ততক্ষণই লড়াই চালিয়ে যায় চেন্নাই সুপার কিংস। কলকাতাও নাছোড়বান্দা। তাদের ঝুলিতে অর্থের কমতি নেই, তারা জানেন। সে কারণেই চেন্নাইয়ের সাথে লড়াইয়ে একবিন্দু ছাড় দেয়নি কলকাতা নাইট রাইডার্স। শেষ অবধি চেন্নাইও হার মেনে নিতে বাধ্য হয়। নিজের ভিত্তিমূল্যের চাইতেও কয়েকগুণ বেশি দামে মুস্তাফিজের নতুন ঠিকানা এখন কলকাতা নাইট রাইডার্স।

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন দ্য কাটার মাস্টার। পশ্চিমবঙ্গ এখন তাকে ঠিক কিভাবে আমন্ত্রণ জানায়, সেটাই এখন দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link