জাগদিসানের সেঞ্চুরিতে মাথা গরম যুক্তরাষ্ট্রের

ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তিনি যতটা সাবলীলভাবে রান সংগ্রহ করতে জানেন, ঠিক তেমন প্রতিফলন তিনি ঘটাতে পারেননি। অথচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে, ঠিকই হাঁকালেন সেঞ্চুরি।

নারায়ণ জাগদিসান, এক অদ্ভুত চরিত্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে নেমেই হাঁকালেন আগ্রাসী শতক। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেঞ্চুরির শূন্য খাতায় অবশ্য এই শতকটি যুক্ত হচ্ছে না। তবে বিশ্বকাপের গা গরমের ম্যাচে যুক্তরাষ্ট্রের যেন হয়ে গেল মাথা গরম। ভারতের ছায়া দলের বিপক্ষে ব্যাটিং প্রহারের দিশেহারা যুক্তরাষ্ট্রের বোলাররা।

সেই দিশেহারা সময়টার অন্যতম কারিগর নারায়ণ জাগদিসান। ২০০ স্ট্রাইকরেটেই তিনি ছুঁয়েছিলেন শতকের মাইলফলক। ইনিংসের শেষভাগে অবশ্য সেটা নেমে দাড়িয়েছিল ১৮৯-এ। ১১ খানা চারের মারে নারায়ণ জাগিয়েছিলেন নিজের ইনিংসটি। সাথে থাকা ৫টি ছক্কা অলঙ্কৃত করেছে তার ইনিংসটিকে।

ভারতের ছায়া দলের শক্তিও যে কত প্রখর, সেটাই যেন টের পেল যুক্তরাষ্ট্র। তবে নারায়ণ কেন অদ্ভুত চরিত্র, সে উত্তর নিশ্চয়ই দেওয়া প্রয়োজন। বয়স তার ৩০ এর ঘরে। তিনি যে তরুণ প্রতিভা তা বলবার উপায় নেই। টি-টোয়েন্টিতেও তার পরিসংখ্যান নয় সন্তোষজনক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন দুইটি ভিন্ন দলের হয়ে।

সেখানেও নিজেকে প্রমাণ করতে হয়েছেন ব্যর্থ। অথচ, ‘লিস্ট এ’ ক্রিকেটে তিনি যেন এক দৈত্য। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে, টানা তিনটি-সহ মোট পাঁচটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি তামিল নাড়ুর হয়ে। যার মধ্যে সর্বশেষ ইনিংসটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

২০২২ সালে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওই এক ইনিংসে, সর্বোচ্চ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ছক্কা, টানা পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। তবে তারকার ভীড়ে কখনোই তার ভারত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়ে ওঠেনি। টেস্ট দলের ঋষাভ পান্তের বদলি হিসেবে ডাক অবশ্য এসেছিল তার, কিন্তু অভিষেক হয়নি।

প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে মোট ২১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ফিফটি আছে তার ঝুলিতে ২৯টি। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তিনি যতটা সাবলীলভাবে রান সংগ্রহ করতে জানেন, ঠিক তেমন প্রতিফলন তিনি ঘটাতে পারেননি। অথচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে, ঠিকই হাঁকালেন সেঞ্চুরি। তবে কি ভারতের ঘরোয়া সার্কিটের বোলাররা যুক্তরাষ্ট্রের চাইতেও শক্তিশালী?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link