নাওয়াজ-তালাতের ব্যাটে ফিরল পাকিস্তানের ভাগ্য!

শ্রীলঙ্কার আশার প্রদীপ নিভিয়ে দিল পাকিস্তান। মোহাম্মদ নাওয়াজ আর হুসেইন তালাত মিলে দুমড়ে-মুচড়ে যাওয়া পাকিস্তানকে মেরামত করলেন। জয় এনে দিলেন। সেই সাথে পাঁচ উইকেটের জয় তুলে ফাইনালে যাওয়ার একটা রাস্তা উন্মোচিত হলো পাকিস্তানের সামনে।

শ্রীলঙ্কার আশার প্রদীপ নিভিয়ে দিল পাকিস্তান। মোহাম্মদ নাওয়াজ আর হুসেইন তালাত মিলে দুমড়ে-মুচড়ে যাওয়া পাকিস্তানকে মেরামত করলেন। জয় এনে দিলেন। সেই সাথে পাঁচ উইকেটের জয় তুলে ফাইনালে যাওয়ার একটা রাস্তা উন্মোচিত হলো পাকিস্তানের সামনে।

অলিখিত কোয়ার্টার ফাইনাল, দুই দলের জয়ের হিসাব ছাড়া কোনো পথই খোলা ছিল না। তবে টসে অবশ্য জিতলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা, আর বেছে নিলেন বোলিংটা।

শ্রীলঙ্কার ভাগ্যটা টপ অর্ডারের হাতে। ওখান থেকে রান না এলে বেশ বিপাকেই পড়তে হয় তাদের। তবে আজ টপ অর্ডারের টুটি চেপে ধরলেন শাহিন শাহ আফ্রিদি। পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস, এই দুই ওপেনারকেই বধ করলেন শাহিন। আর ওখানেই মোমেন্টাম পেয়ে যায় পাকিস্তান। কুশল পেরেরা আর চারিথ আসালাঙ্কা ইনিংস গড়ার ব্যর্থ চেষ্টা চালান। সেটাও কাজে আসেনি। ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে তখন শ্রীলঙ্কা।

বাকি সময়টা হাল ধরেন কামিন্দু মেন্ডিস, একা হাতেই টানতে থাকেন লঙ্কানদের ভাগ্য। খেলেন ৪৪ বলে ৫০ রানের লড়াকু এক ইনিংস। তাঁর সুবাদে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা স্কোরবোর্ডে তোলে আট উইকেট হারিয়ে ১৩৩। শাহিন আফ্রিদি, হুসেইন তালাত এবং হারিস রউফের শিকার দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হলো দুরন্ত। শাহিবজাদা ফারহান আর ফখর জামানের ওপেনিং জুটি থেকেই এলো ৪৫ রান। তবে বিপত্তির শুরুটা এরপর থেকেই। ৪৫ থেকে ৫৭, এই ১২ রান যোগ করতেই হারাতে হলো চার উইকেট।

দুর্দান্ত ক্যাচ লুফে ফখর জামানকে ফেরানোর পর বল হাতে দুই উইকেট তুলে শ্রীলঙ্কাকে প্রবলভাবে ম্যাচে ফেরান হাসারাঙ্গা। তবে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও পাকিস্তানের হাল ধরেন হুসেইন তালাত। মোহাম্মদ নাওয়াজকে সাথে নিয়ে গড়ে তুললেন ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছেদ্য এক জুটি।

তালাতের ব্যাট থেকে এলো ৩২ রান। মোহাম্মদ নাওয়াজ এদিন আরও একবার দেখালেন নিজের ফিনিশার রূপ। তাঁর ৩৮ রান নির্ধারণ করল ম্যাচের গতিপথ। পাকিস্তান কোনো বিপত্তি না ঘটিয়ে শেষটাতে জয় পেল পাঁচ উইকেট হাতে রেখে।

শেষ পর্যন্ত পাকিস্তান সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকল, আর শ্রীলঙ্কার সম্ভাবনার শেষ চিহ্নটুকু মুছে গেল একেবারেই। এবার পাকিস্তানের লড়াইটা বাংলাদেশের সাথে, ওটাই যে নির্ধারণ করবে ফাইনালে যাবে কে?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link