মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি জাদুতে ঘুরপাক খেতে খেতে মুখ থুবড়ে পড়ল মাইটি অস্ট্রেলিয়া। এ যেন অজিদের জন্য এক হুঁশিয়ারি বার্তা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে, উপমহাদেশের উইকেটে স্পিনবিষেই নীল হবে অজি শিবির। কিন্তু ব্যাটে-বলে দারুণ পারফরমেন্সে পাকিস্তান বিশ্বকাপ জয়ের দাবিটা জানিয়ে রাখল জোরালভাবে। সফরকারীদের ধবলধোলাই করে রীতিমত হুমকি দিয়ে রাখল সালমান আলী আঘা ও তার দল।
সিরিজের তৃতীয় ম্যাচটায় পাকিস্তানি খেলোয়াড়দের জয়জয়কার। যার মধ্যে উপরের সারিতেই থাকবেন মোহাম্মদ নওয়াজ। একটা-দু’টো নয় গুণে গুণে পাঁচ অজি ব্যাটারকে তিনি বানিয়েছেন নিজের শিকার। ২০৮ রানের লক্ষ্যমাত্রাকে তিনি একাই বানিয়ে ফেলেছিলেন এভারেস্ট সমান বিশাল।

তার আগে অবশ্য পাকিস্তানি ব্যাটারদের বুদ্ধিদীপ্ত ও হিসেব কষা আগ্রাসী ব্যাটিংয়ে বেশ বড় এক সংগ্রহ জমা হয়। নতুন দায়িত্বে বাবর আজম তুলে নেন ফিফটি। তাকে কেন্দ্র করে খাজা নাফে ও শাদাব খান ছড়িয়েছেন আগ্রাসনের দ্যুতি। এর আগে সাইম আইয়ুবের ৫৭ রান দিয়েছিল শক্ত ভীত। যার ফলশ্রুতিতে ২০৭ রানের পাকিস্তানি পুঁজি।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত বড় লক্ষ্যমাত্রাও যথেষ্ট না- সে কথা তো সবাই জানে। কিন্তু নওয়াজ দলগত এমন দারুণ ব্যাটিংকে অপচয় হতে দিলেন না। ম্যাথু শর্টকে দিয়ে এদিন তিনি শিকারের যাত্রা শুরু করেন। এরপর এক এক করে ক্যামেরুন গ্রিন, মার্কাস স্টোয়িনিস, জশ ফিলিপে ও কুপার কনোলিকে নিজের স্পিন ফাঁদে ফেলেছেন মোহাম্মদ নওয়াজ।

একা হাতে তিনি গুড়িয়ে দেন অজিদের রান তাড়ার সবগুলো স্তম্ভ। তার চার ওভারের বোলিং স্পেলে কৃপণতাও দেখিয়েছেন মাত্র ১৮ রান বিলিয়ে। শাহিন শাহ আফ্রিদি, আবরারদের সহযোগিতায় ১১১ রানের বিশাল বড় জয় তুলে নেয় পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে অজিদের ধবলধোলাই করে বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতিই নিয়ে নিল পাকিস্তান। এবার কি হবে তারা চ্যাম্পিয়ন?











