অবশেষে নোয়াখালীর জয়

টানা ছয় পরাজয়ের গ্লানি টপকে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নয় রানের জয়ে, এখনও মিরাকেলের ভরসায় টুর্নামেন্টে টিকে রইল নোয়াখালী এক্সপ্রেস।

টানা ছয় পরাজয়ের গ্লানি টপকে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্সের মত কাগজে-কলমে, মাঠের পারফরমেন্সে শক্তিশালী দলকে হারিয়ে বহুল আকাঙ্খিত জয় তুলে নিতে সক্ষম হয়েছে নোয়াখালী। আকাশ ভর্তি কালো মেঘের মাঝে এই যেন এক রত্তি স্বস্তির রোশনাই।

টানা তিন জয় নিয়ে, নোয়াখালীর মুখোমুখি হয়েছিল রংপুর। টসে জিতে যথারীতি বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিন তার বোলাররা অবশ্য তাকে নিরাশ করেননি। তিন বোলার হ্যাটট্রিকের সম্ভাবনা সৃষ্টি করে, শেষ অবধি মৃত্যুঞ্জয় চৌধুরী তুলে নিয়েছেন হ্যাটট্রিক।

সেই সাথে নাহিদ রানার গতির ত্রাসের সামনে অসহায় হয়ে পড়েছিল নোয়াখালীর ব্যাটিং ইউনিট। মুস্তাফিজুর রহমানের কাটারে খাবি খেয়ে আউট নোয়াখালীর তিন ব্যাটার। এমন দারুণ বোলিংয়ের সামনে দাঁড়িয়ে ১৪৮ রানেই অলআউট জাকের আলী অনিকরা। ১৪৯ রানের লক্ষ্যমাত্রা খুব একটা কঠিন কিছু ছিল না রংপুরের জন্য। অন্তত তাদের দলের শক্তিমত্তার বিচারে অনায়াসেই জেতার কথা ছিল।

কিন্তু হয়েছে তার উল্টো। রান তাড়া করতে নেমে শুরু থেকেই রংপুর রাইডার্সের ব্যাটাররা ছিলেন ভীষণ চাপে। ওপেনাররা দীর্ঘ করতে পারেননি নিজেদের ইনিংস, আউট হয়েছেন দ্রুত। মিডল অর্ডারে হাল ধরার চেষ্টা চালিয়েছিলেন তাওহীদ হৃদয় ও ইফতেখার আহমেদ। তবে তাদের সেই প্রতিরোধও হয়নি দীর্ঘস্থায়ী।

নোয়াখালীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের নেতৃত্ব দেন হাসান মাহমুদ। চার ওভারে তিনি তুলে নেন চারটি উইকেট। যার মধ্যে লিটন দাস ও শেষ দিকে রংপুরের হয়ে জয়ের লড়াই চালানো খুশদিল শাহের মত গুরুত্বপূর্ণ উইকেটও ছিল। ২৬ রানের বিনিময়ে নোয়াখালীর জয় তুলে নিতে তিনিই ছিলেন সম্মুখ সারির সেনানী।

ব্যাটারদের ব্যর্থতায় রংপুর রাইডার্সের থমকে যায় ১৩৯ রানে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৫ রান প্রয়োজন ছিল। খুশদিল আউট হলে, নোয়খালীর জয় ছিল সময়ের বিষয়। শেষ ওভারে হাসান মাহমুদ মোট তিন উইকেট তুলে নিয়ে জয়কে আরও সহজ করেছেন। নয় রানের জয়ে, এখনও মিরাকেলের ভরসায় টুর্নামেন্টে টিকে রইল নোয়াখালী এক্সপ্রেস।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link