নিজ খরচে বিশ্বকাপ খেলেছেন আমির!

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন সম্পূর্ণ নিজের খরচে। অথচ বিশ্বকাপ শেষ হওয়ার পর কেউ তার সঙ্গে কথা বলেনি, কোনো পরিকল্পনার কথা জানায়নি। অভিমানেই তাই পাকাপাকি ভাবেই বিদায় বলতে চান আন্তর্জাতিক ক্রিকেটকে।

পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্কের জন্ম দিলেন মোহাম্মদ আমির। মাঠের আগ্রাসী বোলিংয়ের মতোই, এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন সম্পূর্ণ নিজের খরচে।

অথচ, বিশ্বকাপ শেষ হওয়ার পর কেউ তার সঙ্গে কথা বলেনি, কোনো পরিকল্পনার কথা জানায়নি। পিসিবিও কোনো সিরিজের জন্য ডাকেনি তাঁকে। অভিমানেই তাই পাঁকাপাকি ভাবেই বিদায় বলতে চান আন্তর্জাতিক ক্রিকেটকে।

আমির বলেন, ‘যখন আমি বিশ্বকাপে খেলতে এসেছি, তখন আমার কাউন্টি চুক্তি বাদ দিয়েছি। যা খেলেছি, নিজেই খরচ করেছি। আমার ট্রেইনার এসেছিল, তার খরচও নিজের পকেট থেকে দিয়েছি। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর কেউ একবারও যোগাযোগ করেনি। এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার পড়ে না। আমি পরিকল্পনায় নেই, সেটা বুঝে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি—আন্তর্জাতিক ক্রিকেটকে ধন্যবাদ।’

বল হাতে আগ্রাসী আমির শুধু বোর্ডের বিরুদ্ধে কথা বলেননি, নিজের ক্রিকেট দর্শন নিয়েও জানিয়েছেন নিজের মত—তার মতে, ক্রিকেটে মানসিক আগ্রাসন জরুরী। তিনি বলেন, ‘প্রথম বলেই যদি কেউ আমাকে চার মারে, আমি তাকে জড়িয়ে ধরতে যাব না। বরং কিছু একটা বলব যাতে ওর মনোযোগ নষ্ট হয়। এটা স্লেজিং নয়, এটা খেলার কৌশল। আগের দিনের ক্রিকেটে খেলোয়াড়রা মাঠেই মারামারি করে ফেলত বলে মনে হতো। আগ্রাসন ছিল খেলায়।’

তবে এটাও স্পষ্ট করেন, তিনি অশোভন ভাষা ব্যবহার করেন না, কারণ এতে শাস্তির ঝুঁকি থাকে। তার ভাষায়, ‘আমি যদি খারাপ ভাষা ব্যবহার করি, আম্পায়ার আমাকে ধরবে, রেফারি জরিমানা করবে। কিন্তু কেউ যদি কিছু না বলে, তাহলে বুঝি আমি নিয়ন্ত্রিত আগ্রাসন দেখাচ্ছি।’

ক্রিকেটে আমিরের আগমন ছিল ধূমকেতুর মতো। ক্রিকেট ক্যারিয়ার জুড়ে নানা নাটকীয়তা, উত্থান-পতন দেখতে হয়েছে তাকে। তবে বলের ধার কমেনি, কমেনি আমিরের চোখে চোখ রেখে লড়াইটা। এর আগে একবার বিদায় বলেছিলেন, অভিযোগ তুলেছিলেন টিম ম্যানেজমেন্টের দিকে।

তবে, জাতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবহেলার শিকার হয়েছেন, তাই তো অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেটকে আবারও ধন্যবাদ জানিয়ে রাখলেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link