আসন্ন বিপিএলে রংপুর রাইডার্স নতুন রূপে ফিরে আসছে। আর তার প্রথম বিদেশি সাইনিং হিসেবে দলে আসতে চলেছেন ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান। দলে আছে আরও তারকার ভিড়।
চারজন বিদেশির নাম জানা গেছে। পাকিস্তানের ক্রিকেটারদের উপরই বেশি নির্ভর দিয়েছে রংপুর। টপ অর্ডার ব্যাটার খাজা নাফে এবং অলরাউন্ডার খুশদিল শাহ এখন রাইডার্সের হয়ে খেলবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। এছাড়া পাকিস্তানি চায়নাম্যান স্পিনার সুফিয়ান মুকিমকেও দলে ভেড়ানোর পথে হাঁটছে রংপুর। বিষয়টি রাইডার্সের দলসূত্রে নিশ্চিত করা গেছে।

গতবার খুশদিল শাহ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। আর নাফে খেলা গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে অংশগ্রহণ করেছিলেন। মালান গেল আসরে খেলেন ফরচুন বরিশালের হয়ে। রংপুর ইতোমধ্যেই তাদের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে। তবে দেশি খেলোয়াড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। কতজন রিটেইন করা যাবে, তা জানার পরই দেশি খেলোয়াড় সাইন করা হবে।
যদিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তারিখ এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের ঠিক কতটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে, সেই বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি এখনো কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে লিগ আয়োজন করবে, সেটাও ঘোষণা করেনি। ফলে বিপিএলের ঘিরে এখনও অনিশ্চয়তা বিদ্যমান।

পাঁচ দলের আসরে দুটি দলের নাম কেবল চূড়ান্ত হয়েছে। তারা হল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আগের ঘোষিত সূচি অনুযায়ী, পরবর্তী বিপিএল এই বছরের ডিসেম্বরেই শুরু হওয়ার কথা। তবে, সেটাও নিশ্চিত নয়। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচির সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে।
গত কয়েকদিন আগে রংপুর গ্লোবাল সুপার লিগে খেলেছিল। সেখানে ফাইনালে হোবার্ট হারিকেন্সের কাছে হারার পর রানার্স-আপ হয়েছিল দল। এবার তারা নতুন বিপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছে, স্কোয়াড গঠনেও মনোযোগী। গেল আসরে দলটি বাদ পরে প্লে-অফ থেকে, দারুণ শুরুর পরও শেষে ভরাডুবি হয়। এবার আর একই ভুল করতে চায় না রংপুরের টিম ম্যানেজমেন্ট।











