ক্রিকেট মাঠে নিউজিল্যান্ড দল মানেই একতা ও সংহতির এক স্পষ্ট প্রতিচ্ছবি। তারা যেন মুষ্টিবদ্ধ হাতের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। কিন্তু ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের বর্তমান দলটি যেন চেনা রূপের এক অচেনা সংস্করণ। এতটাই নতুন মুখ আর অনভিজ্ঞদের আধিক্য যে, খোদ ভারতের সাবেক খেলোয়াড় এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বিস্ময় প্রকাশ করে একে ‘অচেনা দল’ হিসেবে অভিহিত করেছেন।
ভারত যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো প্রতিষ্ঠিত ওয়ানডে তারকাদের নিয়ে মাঠে নামবে, সেখানে নিউজিল্যান্ড শিবিরে নেই কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র কিংবা মিচেল স্যান্টনারের মতো গুরুত্বপূর্ণ নাম। এমনকি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে ভারতের বিপক্ষে খেলা মূল একাদশের ছয় জনই এই সিরিজে অনুপস্থিত।
নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া বলেন, ‘এর আগে আমি এতটা অপরিচিত কোনো আন্তর্জাতিক দল দেখিনি।’ তার মতে, নিউজিল্যান্ড সাধারণত দলগত ঐক্যের শক্তিতেই বড় সাফল্য এনে দেয়।

চোপড়া আরও ব্যাখ্যা করেন, এই দলে কিছু পরিচিত নাম থাকলেও নতুন মুখের সংখ্যাই বেশি। সেক্ষেত্রে তিনি উল্লেখ করেন জশ ক্লার্কসন, নিক কেলি, জেইডেন লেনক্স, মিচেল হে, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক কিংবা মাইকেল রের মতো অখ্যাত ক্রিকেটারদের নাম।
নিউজিল্যান্ড মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সামনের সারির খেলোয়াড়দের ওয়ানডের দীর্ঘ ক্লান্তি থেকে সরিয়ে রেখেছে। সেই প্রেক্ষিতে বিশ্বকাপ প্রস্তুতি স্বরূপ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁরা থাকবে।
আর বড় তারকাদের এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার ফলেই নিউজিল্যান্ড যেন ওয়ানডে সিরিজে ঘোষণা করেছে দ্বিতীয় সারির অখ্যাত এক দল। যেখানে রয়েছে কখনোই আন্তর্জাতিক ক্রিকেট না খেলা বেশ কিছু ক্রিকেটার।

মিচেল স্যান্টনার এর পরিবর্তে নেওয়া হয়েছে জেইডেন লেনক্সকে। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘ দিন ধরে ঘরোয়া লিগ খেললেও এখন অবধি নিউজিল্যান্ডের আন্তর্জাতিক জার্সি গায়ে দেওয়ার সৌভাগ্য হয়নি এই খেলোয়াড়ের। আরও আছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, লম্বা গড়নের এই ফাস্ট বোলিং অলরাউন্ডারও সুযোগ পেলে নিউজিল্যান্ডের হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ময়দানে নামতে যাচ্ছেন।
ভারতে জন্ম নেওয়া আদিত্য অশোক ছিলেন চেন্নাই সুপার কিংসের স্পিন একাডেমির খেলোয়াড়। তবে বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে খেলছেন তিনি। ইতোমধ্যে নিউজিল্যান্ডের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও খ্যাতি পাওয়ার মতো কিছুই করেননি।
অচেনা কিউই বনাম অভিজ্ঞতায় ঠাসা ভারতের এই দ্বৈরথ শেষ পর্যন্ত তারুণ্য আর অভিজ্ঞতার কোন সমীকরণ মেলে ধরে, সেটাই এখন দেখার বিষয়।











