ফর্ম নিয়ে প্রশ্ন, দলে থাকা নিয়ে প্রশ্ন সবকিছু জবাব বিরাট যেন ব্যাট দিয়েই দিয়ে যাচ্ছেন। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির ম্যাচে গুজরাটের বিপক্ষে দিল্লির হয়ে খেলতে নেমে বিরাট উপহার দিলেন ৭৭ রানের এক অনবদ্য ইনিংস। সেই সাথে গড়েছেন নতুন রেকর্ড।
সাম্প্রতিক সময়ে ওয়ানডে দলে তাঁর ভূমিকা ও ফর্ম নিয়ে নানা আলোচনা তৈরি হচ্ছিলো। কিন্তু ৩৭ বছর বয়সী এই ব্যাটার নিজের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দিয়েছেন। শেষ ছয়টি লিস্ট ‘এ’ ম্যাচে কোহলির সংগ্রহ ৫৮৪ রান, যেখানে তাঁর গড় প্রায় ১৪৬!
এই ধারাবাহিকতা শুধু দলের সাফল্যই নিশ্চিত করেনি, কোহলিকে পৌঁছে দিয়েছে ক্রিকেট ইতিহাসের এক বিশেষ মাইলফলকে। এই ইনিংসের সুবাদে তিনি অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইকেল বেভানকে পিছনে ফেলে অন্তত ৫,০০০ লিস্ট ‘এ’ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক হয়েছেন।

বেভানের গড় ৫৭.৮৬। কোহলির গড় এখন ৫৭.৮৭। দীর্ঘদিন ধরেই বেভানের এ রেকর্ড ছিল ধরা-ছোঁয়ার বাইরে। অবশেষে আধুনিক ক্রিকেটের রাজাই স্পর্শ করলেন এ রেকর্ড।
সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাট থেকে এসেছে একের পর এক বড় ইনিংস। গুজরাটের বিপক্ষে ৭৭, অন্ধ্রের বিপক্ষে ১৩১, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৬৫, একই প্রতিপক্ষের বিপক্ষে আরও ১০২ ও ১৩৫, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রান।
২০২৫ সাল জুড়েই কোহলির ব্যাটিং গ্রাফ ঊর্ধ্বমুখী। চলতি বছরে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১১০ এর ওপরে, যা স্পষ্ট করে দেয় আধুনিক ক্রিকেটের সাথে সাথে তাল মিলিয়ে দ্রুত রান তোলার ব্যাপারটাতেও কতটা মানিয়ে নিয়েছেন বিরাট।

ফর্ম, ফিটনেস আর ক্ষুধা সব মিলিয়ে বিরাট কোহলি যেন আবারও ঘোষণা দিচ্ছেন, তিনি এখনও শেষ হয়ে যাননি।










