এনসিএলে মন নেই, হংকংয়ের পিকনিংয়ে সিরিয়াস

বাংলাদেশের ক্রিকেট চিন্তা ও পরিকল্পনা নিয়েই নতুন করে প্রশ্ন তুলছে এই হংকং সিক্সেস। নাকি ক্রিকেটের পরিকল্পনাও বিসিবির কাছে পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে শুধুই ‘ফান’ ক্রিকেট!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের প্রায়োরিটির জায়গাটা ভুলে গেছে।  দেশে যখন চলছে জাতীয় ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ রাউন্ড, ঠিক তখনই বাংলাদেশের কয়েকজন প্রথম শ্রেণীর ক্রিকেটারকে দেখা যাচ্ছে হংকং সিক্সার্সে খেলতে। বিষয়টি নিয়ে তাই উঠেছে প্রশ্ন।

একটি শীর্ষস্থানীয় ক্রিকেটীয় দেশের মূল লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট যখন মাঠে, তখন খেলোয়াড়রা কীভাবে অংশ নিচ্ছেন এমন এক অ্যামেচার বা স্রেফ বিনোদনমূলক প্রতিযোগিতায়, যা আন্তর্জাতিক মানের কোনো পেশাদার টুর্নামেন্টই নয়। বিসিবি কি বুঝে সেই আসরে এতগুলো টপ ক্রিকেটারকে এনওসি দিয়ে দিল। মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, জিসান আলম, আবু হায়দার রনিরা সেখানে যেতে চাইবেন বা কেন, বিসিবিই বা কেন যেতে কোনো বাঁধা দেবে না।

হংকং সিক্সার্স মূলত ‘ফান ক্রিকেট’ হিসেবেই পরিচিত। মাত্র পাঁচজন ফিল্ডার, ৪২ মিটারের ছোট বাউন্ডারি—সব মিলিয়ে ছক্কার উৎসব। একসময় ওয়াসিম আকরাম, মইন খান, রবিন সিং বা সঞ্জয় ব্যাঙ্গারের মতো অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা অংশ নিতেন এই নিছক পিকনিকের আনন্দে।

এমনকি এবারও অংশ নিচ্ছেন ভারতের রবিন উথাপ্পা কিংবা দীনেশ কার্তিক, যারা পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারত সেখানে পুঁচকে কুয়েত-নেপালের কাছে হেরেছে। এই হারে কিছু যায় আসে না, স্রেফ মজা করতে গেছেন। বুড়ো ক্রিকেটারদের নিয়ে অনেক রকম বিশ্ব একাদশও এক সময় এই আসরে খেলেছে।

এখানে বাংলাদেশ থেকে যেতে পারতেন শাহরিয়ার নাফিস, এনামুল হক জুনিয়র, ইমরুল কায়েস কিংবা মাশরাফি বিন মুর্তজারা। তাঁদের বয়সে গিয়ে এই ‘ফান’ ক্রিকেট শোভা পায়। কিন্তু, জিসান-সোহানদের ক্ষেত্রে শোভা পায়নি।

বোর্ড সভাপতি সব সময় লঙ্গার ভার্সন ক্রিকেটের শুভাকাঙ্খী, তিনি নিজেও দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তাঁর মূল লক্ষ্যই হল, টেকনিক্যাল উন্নতির মাধ্যমে পাইপলাইন শক্ত করা ও প্রথম শ্রেণীর সংস্কৃতি শক্ত করা। তিনি যদি, এনসিএলের গুরুত্ব না বুঝেন, বুঝবেন কে। নাকি তিনিও নিজের ক্যারিয়ারের সময়কার মত এনসিএলকে পিকনিক ক্রিকেট ভাবেন?

হংকং সিক্সার্সে খেলার অনুমতি যে বিতর্ক তৈরি করেছে, তা অস্বীকার করার উপায় নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এমন আয়োজনের অংশগ্রহণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের ক্রিকেট চিন্তা ও পরিকল্পনা নিয়েই নতুন করে প্রশ্ন তুলছে এই হংকং সিক্সেস। নাকি ক্রিকেটের পরিকল্পনাও বিসিবির কাছে পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে শুধুই ‘ফান’ ক্রিকেট!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link