ভঙ্গুর মাদ্রিদে জয় পাবে কি পেপের রণতরী!

ম্যান সিটির বিপক্ষে আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ নেওয়ার মত মানসিক দৃঢ়তা রিয়াল ও জাবি আলোনসোর মধ্যে রয়েছে কি-না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

২০২২ সালের সেই স্মৃতি হয়ত এখনও তরতাজা। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে, পেপ গার্দিওলার স্মৃতিতে নিশ্চয়ই এখনও উচ্চারিত হচ্ছে, ‘রিয়াল মাদ্রিদ ইজ অ্যা মিরাকেল ক্লাব, ক্রেজি থিংস হ্যাপেন হেয়ার’। তবে এবারের মোকাবেলায় খানিকটা নির্ভার হয়েই হয়ত সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে দাঁড়াবেন পেপ।

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির সম্মুখ সমরণ যেন এক অবধারিত সত্যে পরিণত হয়েছে। সর্বশেষ চার চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে প্রতিবারই এই দুই জায়েন্ট হয়েছে একে অপরের মুখোমুখি। এখন পর্যন্ত মোট ১৫ ম্যাচে এই দুই দল নিজেদের মাঠে নেমেছে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের দাপট তো আকাশে থাকা ঐ সূর্যের মতই। ম্যানচেস্টার সিটির বিপক্ষেও সেই ধারা রয়েছে অব্যাহত। মাদ্রিদ জিতেছে পাঁচ ম্যাচ, ম্যানচেস্টার সিটিও অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। তাদের ঝুলিতে আছে চার জয়। তবে স্মরণীয় পরাজয়ের কাতারে নিঃসন্দেহে থেকে যাবে, ২১/২২ মৌসুমের ৫-৩ গোলে এগিয়ে থেকেও সফেদ জার্সির অদম্য শক্তি কাছে পরাজয় বরণ করা।

কিন্তু এবারের দৃশ্যপট একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদ যেন বড্ড বেশি ছন্নছাড়া। লা-লিগায় টেবিলের শীর্ষে থাকা দলটি, এখন শীর্ষস্থান থেকে চার পয়েন্ট পিছিয়ে। সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর কাছে ঘরের মাঠে ২-০ গোলের পরাজয় লস ব্ল্যাঙ্কোসদের নিয়ে সংশয়ের ঘর তুলেছে। সেই সংশয় পোক্ত হয়েছে একাধিক খেলোয়াড়ের লাল কার্ডে। দলের ভেতরের পরিবেশ নিয়ে তাই নানাদিকে ছড়াচ্ছে গুঞ্জন।

ঠিক অপরদিকে, ম্যানচেস্টার সিটি নিজেদের চিরায়ত রুপে ফেরার যাত্রা ইতোমধ্যেই শুরু করে দিয়েছে। গত মৌসুমের গ্লানি ভুলে, তারা এখন আবারও ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল রেসে। আর্সেনালের সাথে থাকা দুই পয়েন্টের ব্যবধান যেকোন সময় ঘুচিয়ে তারা হয়ত উঠে যাবে টেবিলের শীর্ষে।

নিজেদের সর্বশেষ তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন পেপ গার্দিওলা। অন্যদিকে জাবি আলোনসোর দল শেষ তিন ম্যাচে স্রেফ একটিতে পেয়েছে জয়। এর মধ্যে রেলিগেশন জোনে থাকা জিরুনার সাথে ১-১ গোলের ড্র, আর সেল্টার কাছে ২-০ গোলের পরাজয়ের ম্যাচগুলো জাবির ভবিষ্যত নিয়ে জাগাচ্ছে শঙ্কা।

অতএব জাবির জন্য ম্যান সিটির পরীক্ষা হতে চলেছে বাঁচা-মরার লড়াই। অন্যদিকে শ্রেষ্ঠত্ব আর রাজকীয় মানসিকতার রিয়াল মাদ্রিদকে প্রমাণ করতে হবে, এখনও মাদ্রিদের সেই অদম্য ডিএনএ ধারণ করছেন কিলিয়ান এমবাপ্পেরা। সিটির বিপক্ষে আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ নেওয়ার মত মানসিক দৃঢ়তা রিয়াল ও জাবি আলোনসোর মধ্যে রয়েছে কি-না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link