ভারতের সামনে ফাইনালের মঞ্চে পাকিস্তানের পাল্লা ভারি

দীর্ঘ আট বছর পর, আরও একটি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে আশ্চর্যজনক হলেও সত্য পাকিস্তানের পাল্লা ভারি। 

দীর্ঘ আট বছর পর, আরও একটি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ফাইনালের মঞ্চে শেষ এই দুই দলের দেখা হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার সরফরাজ আহমেদের দল রীতিমত ইতিহাস গড়েছিল। প্রথমবারের মত কোন আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষ জয় পেয়েছিল পাকিস্তান। তবে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে আশ্চর্যজনক হলেও সত্য পাকিস্তানের পাল্লা ভারি।

প্রায় ৪১ বছরের ইতিহাস এশিয়া কাপের। এই দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল হচ্ছে এশিয়া ক্রিকেট শ্রেষ্ঠত্বের মঞ্চে। তবে কোন এক বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মত ভারত-পাকিস্তান লড়াই হয়েছিল ১৯৮৫ সালে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সেবার ভারত হারিয়েছিল পাকিস্তানকে।

নয় উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতে পেরেছিল পাকিস্তান নিজেদের স্কোরবোর্ডে। ৪৭.১ ওভারের মধ্যে সেই লক্ষ্য টপকে গিয়েছিল ভারত। রবি শাস্ত্রী ও কৃষ্ণমাচারী শ্রীকান্তের অর্ধশতকে ভর করে সেবার সাত দলের টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ভারত। এরপর বছর খানেকের মাথায় অস্ট্রাল এশিয়া কাপের ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।

এই টুর্নামেন্টের দু’টো ফাইনালে এই দুই দল মোকাবেলা করেছিল একে অপরের। আর সেই দুই ফাইনালই বাগিয়ে নিয়েছিল পাকিস্তান। ১৯৮৬ সালের ফাইনালে জাভেদ মিয়াঁদাদের অপরাজিত ১১৬ রানের কল্যাণে জয় পেয়েছিল পাকিস্তান। ১৯৯৪ সালে সেই অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান আবার জয় পায় ভারতের বিপক্ষে।

বাসিত আলী ও আমির সোহেলের অর্ধশতকের উপর দাঁড়িয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তারপর অবশ্য কেটে গেছে দীর্ঘ সময়। এই দুই আর মুখোমুখি হয়নি বহুজাতিক কোন টুর্নামেন্টের ফাইনালে। যদিও মাঝে উইলস কাপের ফাইনাল খেলেছিল দুই দল ১৯৯১ সালে, তবে সেটা ছিল তিন দলের মধ্যকার সিরিজের ফাইনাল। তৃতীয় দল ছিল ওয়েস্ট ইন্ডিজ।

দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষে ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দি দুই দল মুখোমুখি হয়। গৌতম গম্ভীরের ৫৪ বলে ৭৫ রানের পর রোহিত শর্মার ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ভারতকে দিয়েছিল ১৫৭ রানের পুঁজি। সেই পুঁজিতে ভর করে পাঁচ রানের জয়ে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত।

এরপর আবার দশ বছরের অপেক্ষা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও ভারত-পাকিস্তান লড়াই। সেই লড়াইকে রীতিমত একপেশে বানিয়ে ফেলেন ফখর জামান, ও মোহাম্মদ আমির। ফখরের শতকের পর, ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামান আমির। তাতে করে ১৮০ রানের বিশাল জয়ের শিরোপা হয় পাকিস্তানের।

আট বছর পর এই দুই দল আবারও এক বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে। তবে এদফা কাগজে-কলমে, মাঠের পারফরমেন্সে সর্বক্ষেত্রেই এগিয়ে ভারত। সুরিয়া কুমার যাদবের দল নিশ্চয়ই চাইবে, ফাইনাল জয়ের পাল্লাটা সমতায় আনতে। তারা কি পারবে?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link