ছয় ম্যাচের চারটাতেই শূন্য। সায়িম আইয়ুব রীতিমতো বনে গেছেন ‘ডাকের রাজা।’ এশিয়া কাপের ইতিহাসে এমন কীর্তি আর কারো নেই। তবে সব ছাপিয়ে ফাইনালের মঞ্চে মুখোমুখি ভারত-পাকিস্তান। আর প্রশ্নটা এখানেই, ফাইনালে পাকিস্তানের একাদশ কেমন হবে, সায়িম আইয়ুব থাকবেন কি সেখানে?
এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল টপ অর্ডার। শাহিবজাদা ফারহান, ফখর জামান আর সায়িম আইয়ুবকে নিয়ে দলের ভরসা ছিল সবচেয়ে বেশি।
তবে সায়িম আইয়ুব ব্যর্থ হয়েছেন, ফখর জামান প্রত্যাশা অনুযায়ী ডেলিভারি দিতে পারেননি, শাহিবজাদা ফারহান চেষ্টা করেছেন সামর্থ্য অনুযায়ী। তবে ফাইনালে এই তিনজনেরই থাকার সম্ভাবনা বেশি। যেহেতু বল হাতে সায়িম উইকেট এনে দিচ্ছেন, তাই শেষটাতে তাঁর উপরই ভরসা রাখবে দল।

মিডল অর্ডার নিয়েও দুশ্চিন্তার শেষ নেই পাকিস্তানের। সালমান আলী আঘা ফর্মে নেই, হুসেইন তালাত শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করলেও বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হয়েছেন। আর মোহাম্মদ হারিস নিজের পজিশনটাই এখনো খুঁজে পাননি। তবে এখানেও অপরিবর্তিত থাকবে পাকিস্তানের পরিকল্পনা।
লোয়ার অর্ডারে সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ নাওয়াজ। বল হাতেও তাঁর চার ওভার অধিনায়কের জন্য লাক্সারি। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য ফাহিম আশরাফ থাকবেন। শাহীন আফ্রিদিও ব্যাট হাতে শেষদিকে ধারাবাহিকতার ছাপ রেখে চলছেন।
বোলিং লাইনআপ নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা থাকার কথা নয়। দলে অলরাউন্ডারের ছড়াছড়ি থাকায় বোলিং নিয়ে স্বস্তির ঢেকুর তুলতেই পারে পাকিস্তান। শাহীনের সাথে হারিস রউফের পেস জুটি আর স্পিনে আবরার আহমেদ। সেইসাথে ফাহিম-তালাতের অলরাউন্ডিং জুটির পাশাপাশি নাওয়াজ-সায়িম তো থাকছেনই।

সব মিলিয়ে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ শাহিবজাদা ফারহান, ফখর জামান, সায়িম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।











