ভারত বনাম পাকিস্তান লড়াইটা ক্রিকেট দুনিয়ায় এক আলাদা অধ্যায়। শুধু দুই দেশের ২২ জন ক্রিকেটারের মাঠের লড়াই নয়, এটা আবেগ, মর্যাদা, রাজনীতি আর কোটি কোটি ডলারের অর্থনীতির সংঘর্ষ।
সেই ম্যাচ বাতিল হওয়ার শঙ্কায় একসময় কেঁপে উঠেছিল পুরো ক্রিকেট বিশ্ব। তবে, সমঝোতার ফলে ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি বাঁচাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার।
মুহূর্তেই অস্থিরতা ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। কারণ, এই একটি ম্যাচ মানেই আইসিসির রাজস্বের বড় অংশ। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি, সব মিলিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির আর্থিক কাঠামোই পড়ত বড় ঝুঁকিতে।

কিন্তু শেষ পর্যন্ত নাটকীয় মোড়। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, ক্রিকেট বোর্ডগুলোর অনুরোধ আর ক্রিকেটীয় সম্পর্কের টানে সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে সম্মতি দেয় তারা।
এই সিদ্ধান্তে স্বস্তির নি:শ্বাস ফেলেছে আইসিসি। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে প্রায় ১৭৪ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়ত সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, সম্প্রচার স্বত্ব, গেট মানি ও স্পনসরশিপ মিলিয়েই এই বিশাল অঙ্কের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।
ম্যাচের অনুমোদন পাওয়ার পরপরই তার প্রভাব পড়ে বাস্তবেও, মুম্বাই থেকে কলম্বো যাওয়া-আসার বিমানের টিকিটের দাম একলাফে ১০ হাজার রুপি থেকে বেড়ে দাঁড়ায় ৬০ হাজার রুপিতে।

অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। মাঠের বাইরের দ্বন্দ পাশ কাটিয়ে রেখে মাঠে ফিরছে ক্রিকেট, এর থেকে স্বস্তি আর কিইবা হতে পারে।











