গ্রুপ পর্ব এবং সুপার ফোরে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। আরও একবার মুখোমুখি এই দুই দল। তবে এবারের মঞ্চটা ফাইনাল। সমর দ্বৈরথে পাকিস্তানের সামনে প্রতিশোধ নেওয়ার সমূহ সুযোগ। চলুন দেখে নেওয়া যাক, এই ফাইনাল মহারণে পাকিস্তানের এক্স ফ্যাক্টর হবেন কারা?
- ফখর জামান
পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ নাম ফখর জামান। তাঁর আরও এক পরিচয় তিনি বড় মঞ্চের পারফর্মার। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচ খেলে করেছেন ১৩৫ রান। ২৭ গড়ের সাথে ১১৭ স্ট্রাইক রেটটা যদিও তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে চাপ সামলে নিজের সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত তিনি। তাই তো ভারতের বিপক্ষে ভালো ফল আনতে ফখরের জ্বলে ওঠা বড্ড প্রয়োজন।
- শাহিবজাদা ফারহান
ওপেনিংয়ে পাকিস্তানের আরও এক ভরসা হতে পারেন শাহিবজাদা ফারহান। ইতিমধ্যে অবশ্য বেশ কিছু কার্যকরী ইনিংস খেলে ফেলেছেন। ছয় ম্যাচে করেছেন ১৬০ রান। এবারের আসরে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তাই তো শেষ ম্যাচে তাঁর উপর বাড়তি নজর রাখবে গোটা দল।

- সায়িম আইয়ুব
এবারের এশিয়া কাপে বলার মতো তেমন কোনো পারফরম্যান্স ব্যাট হাতে করতে পারেননি সায়িম আইয়ুব। ছয় ম্যাচের চারটিতেই রানের খাতা খুলতে পারেননি। তবে বল হাতে ছিলেন দারুণ কার্যকরী। এখন পর্যন্ত আট উইকেট শিকার করেছেন ৬.৫৮ ইকোনমিতে। তাঁর সবচেয়ে বিশেষ দিকটা টানা ক্যারম বল করতে পারেন যা প্রতিপক্ষকে বেশ বিপাকেই ফেলে।
অবশ্য তাঁর মূল ভূমিকাটা ব্যাট হাতে, আর সেখানেই ব্যর্থ হয়েছেন। তবে তাঁর সক্ষমতা আছে যেকোনো দিন একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার। তাই তো তিনি থাকবেন এক্স ফ্যাক্টরের তালিকায়।
- শাহীন শাহ আফ্রিদি
পাকিস্তানের পেস ইউনিটের নেতা শাহীন শাহ আফ্রিদি। বড় ম্যাচে তাঁর বিকল্প কেবল তিনি নিজেই। শুরুতে উইকেট তোলা কিংবা ডেথ ওভারে রান আটকে রাখা—সবকিছুতেই আছে তাঁর সক্ষমতা। এবারের আসরে ছয় ম্যাচে নামের পাশে রয়েছে নয় উইকেট। যা তাঁকে বাড়তি প্রেরণা দেবে ফাইনালের মঞ্চে। ভারতের ভয় ধরানো ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিতে তাঁর উপরই থাকবে দলের আস্থা।

- আবরার আহমেদ
স্পিন ডিপার্টমেন্টে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা আবরার আহমেদ। বিশেষ করে প্রতিপক্ষের রান আটকে রাখতে তাঁর জুড়ি নেই। এবারের আসরে নিয়মিত রেখেছেন সেই ছাপ। ছয় ম্যাচে পাঁচ উইকেট তুললেও ইকোনমি রেট ৫.০২। ভারতের রানের চাকা আটকে ধরতে হলে তাঁর ঘূর্ণিজাদু হতে পারে দারুণ কার্যকর।
কাগজে-কলমে ভারত দল অনেকটা এগিয়ে। তবে ফাইনালের মঞ্চে সব দলই যে সমানে সমান। আর এই পাঁচজন ভারতের জন্য হতে পারে বাড়তি চ্যালেঞ্জ।











