এক অনুশীলন ম্যাচে সাবেক সতীর্থদের সঙ্গে অপ্রয়োজনীয় বিবাদে জড়ালেন ‘সাবেক’ ভারতীয় ওপেনার পৃথ্বী শ। মুম্বাইয়ের হয়ে একসময় খেললেও এখন মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন শ। নিজের সাবেক দল মুম্বাইয়ের বিপক্ষে দুর্দান্ত শতরান সম্পূর্ণ করার পর মাঠে তাঁকে রাগে উত্তেজিত অবস্থায় মুশির খানের দিকে ছুটে যেতে দেখা যায়।
তর্ক-বিতর্কের এক পর্যায়ে পৃথ্বী ব্যাট উঁচিয়ে ধরেন এবং মুম্বাই স্পিনার মুশির খানের জামার কলারও চেপে ধরেন বলেও অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে তিন দিনের প্রীতি ম্যাচের প্রথম দিন।
দিনের শুরুতে মহারাষ্ট্রের হয়ে ওপেন করতে নেমে শ খেলেন অসাধারণ ১৮১ রানের ইনিংস—মাত্র ২২০ বলে ২১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। তাঁর সঙ্গী আর্জিন কুলকার্নি আরও বিধ্বংসী ইনিংস খেলেন—১৪০ বলে ১৮৬ রান, যাতে ছিল ৩৩টি চার ও ৪টি ছক্কা। দু’জন মিলে গড়েন ৩০৫ রানের বিশাল উদ্বোধনী জুটি।

ঘটনাটি ঘটে শ আউট হওয়ার পর। ৭৪ তম ওভারে মুশির খানের বলেই স্কয়ার লেগে ইরফান উমাইরের হাতে ধরা পড়েন শ। তখন মহারাষ্ট্রের রান ৪৩০/৩। আউটের পর মুশির নাকি তাঁকে উদ্দেশ করে বলেন, ‘থ্যাঙ্ক ইউ।’ সেই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে শ ফেরেন মাঠে এবং উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, এক অন-ফিল্ড আম্পায়ার দ্রুত এগিয়ে এসে শ-কে শান্ত করেন ও তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। মহারাষ্ট্র দলের অধিনায়ক অঙ্কিত ভাভানে পরে বলেন, ‘এটা তো প্র্যাকটিস ম্যাচ। সবাই একে অপরের পুরনো সতীর্থ। এমন ঘটনা মাঝে মাঝে হয়েই যায়। এখন সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।’
প্রকাশের সময় পর্যন্ত মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) বা মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএসিএ)-এর পক্ষ থেকে ঘটনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা পদক্ষেপের খবর পাওয়া যায়নি।











