মেসির রেকর্ড এখন রাফিনহার, ১৩ বছরের আধিপত্যের সমাপ্তি

লিওনেল মেসিকে ছাপিয়ে গেছেন রাফিনহা। কিন্তু সেই অর্থে তাকে নিয়ে হচ্ছে না আলোচনা। আড়ালেই থেকে যাচ্ছে তার রেকর্ড ভাঙ্গার অনবদ্য গল্প।

লিওনেল মেসিকে ছাপিয়ে গেছেন রাফিনহা। কিন্তু সেই অর্থে তাকে নিয়ে হচ্ছে না আলোচনা। আড়ালেই থেকে যাচ্ছে তার রেকর্ড ভাঙ্গার অনবদ্য গল্প। অথচ ১৩ বছর ধরে টিকে থাকা রেকর্ডের নতুন মালিক হওয়ার জন্যে বন্দনায় ভেসে যাওয়ার কথা রাফিনহার।

পেদ্রি লং বল বাড়িয়ে দেন ডি-বক্সের ভেতরে। হেড করে সেই বলে গোল করার মঞ্চ প্রস্তুত করে দেন রাফিনহা। সেখান থেকে গোলও করে ফেরান তোরেস। ইন্টার মিলানের বিপক্ষে সে গোলটিই সমতায় ফিরিয়েছিল বার্সেলোনাকে। আর সেই অ্যাসিস্টের মধ্য দিয়ে গোল অবদানে মেসিকে পেছনে ফেললেন ব্রাজিলিয়ান উইংগার।

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ডটি মেসির দখলে ছিল এতকাল। সেই ২০১১/১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৯ গোলে সরাসরি অবদান ছিল লিওনেল মেসির। সেবার সেমিফাইনালে থেমেছিল বার্সেলোনার যাত্রা। সেই আসরের চ্যাম্পিয়ন দল চেলসির কাছে ধরাশায়ী হয়েছিল কাতালান ক্লাবটি।

তবে সেই আসরের সেমিফানালের দ্বিতীয় লেগে মেসি পেনাল্টি মিস না করলেই হয়ত দৃশ্যপট ভিন্ন হতে পারত। ওই মৌসুমে ১৪ খানা গোল ও ৫ খানা অ্যাসিস্ট এসেছিল লিওনের মেসির পা থেকে। প্রায় এক যুগ পরে এসে সেই রেকর্ড নিজের দখলে নিয়েছেন রাফিনহা।

এখন অবধি ২০ খানা গোলে সরাসরি অবদান রেখেছেন ব্লাউগ্রানা অধিনায়ক। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডেও ভাগ বসানোর সুযোগও এসেছিল তার কাছে। শক্তিশালী দূরপাল্লার শটে রাফিনহা লক্ষ্য ভেদ করেছিলেন ঠিকই। কিন্তু ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের মাথায় লেগে বল জালে জড়ালে, সেই গোলটি আর রাফিনহার খাতায় তোলা হয়নি।

তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি রাফিনহার। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্যান সিরো-তে খেলতে যাবে বার্সেলোনা। শিরোপা উঁচিয়ে ধরতে চাইলে, সেই ম্যাচে জেতার বিকল্প নেই কাতালান ক্লাবটির সামনে। এমন কঠিন ম্যাচে রাফিনহা এগিয়ে আসতে চাইবেন, খুলে দিতে চাইবেন গোলের দুয়ার।

এ কাজটা তো তিনি এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত করে আসছেন। এখন অবধি ৪০ খানা গোল দিয়েছে বার্সেলোনা। এর মধ্যে ২০ খানা গোলেই রয়েছে রাফিনহার সম্পৃক্ততা। অর্থাৎ ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে দলের প্রায় অর্ধেক গোলেই রয়েছে রাফিনহার অবদান। রেকর্ডের হাতছানি ছাপিয়ে, শিরোপার তাড়নায় রাফিনহা হয়ে উঠবেন আরও ভয়ংকর, ব্লাউগ্রানারা অন্তত সেই আশায় বুক বেঁধেছে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link