সাজঘরেও রবি শাস্ত্রীর নাটক

ড্রেসিংরুম বিটিএস - ভারতীয় ক্রিকেটারদের জন্য ভিন্ন রকমের একটা আয়োজন টিম ম্যানেজম্যান্টের। প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে দেয়া হয় এই পুরষ্কার। অস্ট্রেলিয়া ম্যাচে জশ ইংলিশের ক্যাচ ধরে ভারতীয় হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচিংয়ের রেকর্ড গড়েছিলেন কোহলি, কিন্তু ধারণা অনুযায়ী ‘বিটিএস’ পাওয়া হয়নি তাঁর।

রবি শাস্ত্রীর এন্ট্রি মানেই ঝাকানাকা এক ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেন বলিউডের কোনো প্রকাণ্ড ভিলেন আসবেন দৃশ্যপটে। তিনি এখনই বলে উঠবেন, মোগাম্বো খুশ হুয়া। আসলেই মোগাম্বো খুশি হয়েছেন, খুশি হয়ে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিরেন শ্রেয়াস আইয়ারের হাতে। খুবই প্রত্যাশিত ঘটনা। এই সামান্য ঘটনাই দুবাইয়ে ভারতীয় ড্রেসিংরুমে জমজমাট নাটকের সৃষ্টি করল। কারণ মানুষটা তো রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী যখন ভারতীয় ড্রেসিংরুমে ঢুকলেন, তখন ঘরজুড়ে বাজছিল উল্লাসের ঢেউ। শাস্ত্রী মানেই তো একটু অন্যরকম মঞ্চায়ন। তাঁর ঢোকার ধরন, কথা বলার ভঙ্গি—সবকিছুতেই যেন একটা সিনেম্যাটিক আমেজ। চারপাশে দাঁড়িয়ে সতীর্থরা হাততালি দিচ্ছেন, কেউ হয়তো আগেভাগেই আন্দাজ করে নিয়েছে, কার গলায় ঝুলবে ‘ড্রেসিংরুম ফিল্ডার অব দ্য ম্যাচ’ পুরস্কারের মেডেল।

এক ম্যাচে ভারতের ইতিহাসের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন, ব্যাট হাতে খেলেছেন এক দুর্দান্ত ইনিংস। কোহলির হাতেও উঠতে পারত পুরস্কার। অথচ, শাস্ত্রীর চোখ ছিল অন্যদিকে। নাটকীয় ভঙ্গিতে তিনি সামনে ডাকলেন শ্রেয়াস আইয়ারকে।

শ্রেয়াস প্রথমে একটু অবাক, তারপর হাসলেন।   কিন্তু দলের বাকিদের বিস্ময় যেন আরও গভীর। কোহলিও চওড়া হাসি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন। অবশ্য মাঠের পারফরম্যান্স বলছে, শ্রেয়াস পুরস্কার পাওয়ার দাবিদার। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে অ্যালেক্স ক্যারিকে রান-আউট করেছেন, বেন ডওরশুইসের ক্যাচ নিয়েছেন, পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে আটকে দিয়েছেন অন্তত বিশ-পঁচিশ রান। পুরস্কারটা তারই তো প্রাপ্য।

কিন্তু শাস্ত্রী যা করেন, সেটা তো একটু ড্রামা থাকবেই। তিনি যেন অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটার জন্য। মেডেল হাতে নিয়ে বললেন, ‘গেম চেঞ্জিং মোমেন্ট! যে মুহূর্তে অস্ট্রেলিয়া ধাক্কা খেল, সেই মুহূর্তের কারিগর শ্রেয়াস আইয়ার!’

ড্রেসিংরুম গর্জে উঠল করতালিতে, শ্রেয়াসও বিনয়ের হাসিতে মুছে দিলেন সব অবাক হওয়া। কোহলিও এগিয়ে এসে পিঠ চাপড়ে দিলেন তাঁকে। শাস্ত্রী একদম শেষ দৃশ্যে এসে গর্জে বললেন, ‘ব্রিলিয়ান্ট, বয়েজ! ফাইনালে এভাবেই নামতে হবে!’

Share via
Copy link